কক্সবাজারের খাবারে আস্থা তলানিতে

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম

পর্যটন নগরী কক্সবাজারে বেড়াতে এসে মানুষ নিরাপদ ও মানসম্মত খাবার খোঁজেন। রাস্তার ধারের খোলা খাবার এড়িয়ে তারা ছুটে যান শহরের নামিদামি রেস্তোরাঁয়। কেউ যান পরিচিত বেকারি কিংবা ঝকঝকে সুপার শপে। চড়া দাম আর শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশের আড়ালে তারা একটুখানি সুস্থতার নিশ্চয়তা আশা করেন। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা।

এক দিকে সৈকতের ভাজা মাছ আর আচারে মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক; অন্যদিকে শহরের নামকরা হোটেল-রেস্তোরাঁর রান্নাঘরের পরিবেশ ভয়াবহ অস্বাস্থ্যকর। এমনকি খাবারে মিলছে প্রাণঘাতী ব্যাকটেরিয়া। নিয়মিত তদারকি না থাকার সুযোগ নিয়ে মানুষের অগাধ বিশ্বাসের জায়গাগুলোকে এভাবেই নিরাপত্তাহীন করে তুলেছেন অসাধু ব্যবসায়ীরা। ফলে পর্যটনশহরের খাদ্য ব্যবস্থাপনা এখন চরম ঝুঁকিতে, যার মাশুল গুনছেন পর্যটকসহ স্থানীয়রা।

নামকরা প্রতিষ্ঠানগুলোর বাহ্যিক চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা এমন ভয়াবহ অনিয়ম ও জনস্বাস্থ্যের প্রতি চরম অবহেলার চিত্র হাতে-নাতে ধরা পড়েছে বিশুদ্ধ খাদ্য আদালতের পরিচালিত ১৪ নভেম্বরের অভিযানে। সেদিন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গিয়াসউদ্দিন শহরের নামকরা তিনটি প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা এবং একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন।

অভিযানে শহরের ঝাউতলা প্রধান সড়কে অপরিচ্ছন্ন পরিবেশ, কীটপতঙ্গের উপস্থিতি এবং একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণের দায়ে ‘জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ওই হোটেলের পাশেই একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও ফল রাখা, অপরিষ্কার চপিং বোর্ড এবং লেবেল ছাড়া খাদ্য সংরক্ষণের দায়ে ‘স্বপ্ন সুপার শপ’-কেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, শহরের পানবাজার সড়কে ভাঙা ও পিচ্ছিল মেঝেতে নোংরা পরিবেশে খাবার তৈরি, খবরের কাগজে খাবার সংরক্ষণ, ক্ষতিকর হাইড্রোজ ও ভেজাল ঘি ব্যবহার, ময়লা কাপড়ে দই উৎপাদন, খোলা ডাস্টবিন এবং রান্নাঘর ও স্টোররুমের মাঝখানে শৌচালয় থাকার অপরাধে প্রসিদ্ধ ‘চৌরঙ্গী বেকারি’-কে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। পরে এই তিন প্রতিষ্ঠান অপরাধ স্বীকার করে মোট ১৪ লাখ টাকা জরিমানা পরিশোধ করে।

একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, খোলা ডাস্টবিন, লেবেলবিহীন খাবার ও আমদানিকৃত পণ্য, পচা মাছ, বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ টক দই, অনুমোদনহীন রঙ এবং চেরি ফলের নামে করমচা রাখার দায়ে পর্যটনজোনের লাবনী মোড়ের হোটেল কল্লোলের নিচতলার ‘কাসুন্দী রেস্তোরাঁ লিমিটেড’-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তবে জরিমানা না দেওয়া এবং আদালতের কার্যক্রমে অসহযোগিতা করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

শুধু এ চার প্রতিষ্ঠানেই নয়, পুরো শহরের খাদ্য ব্যবস্থাপনায় অনিয়মের চিত্র উঠে এসেছে সরেজমিন পর্যবেক্ষণ ও ভুক্তভোগীদের অভিযোগে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, প্রতি মাসে গড়ে ৪০টি ধরে বছরে প্রায় ৪৮০টি অভিযোগ আসে। এসব অভিযোগের ৯৫ শতাংশেরও বেশি করেন পর্যটকরা। অধিকাংশ অভিযোগই কক্সবাজার শহর ও কলাতলী এলাকাসহ পুরো পর্যটনজোনের ছোট-বড় প্রায় সব রেস্তোরাঁ এবং খাদ্যপণ্য বিক্রির প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য না দিয়ে প্রতারণা করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা। এ ছাড়া রেস্তোরাঁ ও দোকানগুলোতে নিম্নমানের ও বাসি-টক খাবার পরিবেশন, দেশি মুরগির মাংস বলে সোনালি মুরগির মাংস দেওয়া এবং পচা শুঁটকি বিক্রির অভিযোগও মতো রয়েছে।

কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, ‘আমি কক্সবাজারে প্রায় আড়াই বছর কর্মরত আছি। এ সময়ে ভোক্তাদের কাছ থেকে হাজারের ওপরে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগকারীদের সিংহভাগই পর্যটক। কক্সবাজারের তারকামানের ও নামিদামি রেস্তোরাঁসহ প্রায় সব খাবারের দোকানের বিরুদ্ধেই প্রতারণা, পচা ও বাসি খাবার পরিবেশন এবং অতিরিক্ত দাম রাখার একাধিক অভিযোগ রয়েছে।’

সরেজমিনে শহরের কলাতলী ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, সেখানকার প্রায় প্রতিটি আবাসিক হোটেলের নিচে রেস্তোরাঁ ও ফাস্টফুডের দোকান রয়েছে। এ ছাড়া সুগন্ধা ও কলাতলী পয়েন্টে রয়েছে প্রায় শতাধিক ফিশ ফ্রাই ও স্ট্রিট ফুডের দোকান। তবে রাস্তার ধারের দোকান থেকে শুরু করে নামিদামি রেস্তোরাঁর অধিকাংশেই কোনো মূল্য তালিকা টাঙানো নেই। কিছু দোকানে তালিকা থাকলেও তা নিয়মিত হালনাগাদ করা হয় না।

প্রায় প্রতিটি রেস্তোরাঁর রান্নাঘরই অপরিচ্ছন্ন, যেখানে খোলা ডাস্টবিনের ময়লা রাখা হয় এবং পাশেই রয়েছে শৌচালয়। তারকামানের রেস্তোরাঁ ছাড়া বেশির ভাগ হোটেলেই রান্নায় ব্যবহার করা হচ্ছে পাম অয়েল। খাদ্যের স্বাদ বাড়াতে মেশানো হচ্ছে টেস্টিং সল্ট ও সোডাসহ নানা রাসায়নিক। সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিয়মিত তদারকি না থাকায় ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন, যার ফলে ক্রেতা ও পর্যটকরা প্রতারিত হচ্ছেন।

এ বিষয়ে কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য বলেন, ‘ফিশ ফ্রাইয়ের দোকানগুলোতে পচা মাছ ও অতিরিক্ত পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পর্যটকদের কাছে জনপ্রিয় আচারের মধ্যেও অতিরিক্ত রাসায়নিক মিলেছে। বেশির ভাগ রান্নাঘর অপরিষ্কার-অপরিচ্ছন্ন। কয়েকটি খাবারের হোটেলে ইকোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতিও পাওয়া গেছে।’

খাবারে রাসায়নিক ও জীবাণুর উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য কতটা মারাত্মক, তা ব্যাখ্যা করেছেন চিকিৎসকরা। ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) গবেষক ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, ‘খাবারে অনিয়মের কারণে স্বল্প ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। ডায়রিয়া, পেটব্যথা, বমি ও জ¦র হতে পারে। কিডনি বিকল হওয়ার ঝুঁকি দেখা দিতে পারে।’

তিনি জানান, পচা বা অনুপযুক্তভাবে সংরক্ষিত মাছ খেলে খাদ্যে বিষক্রিয়া ছাড়াও শরীরে হিস্টামিন তৈরি হয়ে ত্বকে অ্যালার্জি, শ্বাসকষ্ট ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পোড়া তেলে ভাজা খাবার দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং খাবারে হাইড্রোজের ব্যবহার পেটে অস্বস্তি, জ¦ালাপোড়া ও শ্বাসকষ্ট তৈরি করে।

সংশ্লিষ্টদের মতে, বছরজুড়ে সংস্থাগুলোর নিয়মিত তদারকি না থাকায় অনিয়মগুলো প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। হঠাৎ করে প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান চালানো হলেই ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামেন এবং প্রতিষ্ঠান বন্ধ রেখে পর্যটক ও সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করেন।

এ বিষয়ে কক্সবাজার হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, ‘অভিযান নিয়মিত হওয়া দরকার, তবে শুধু অভিযানে সীমাবদ্ধ থাকলে চলবে না। পর্যটন খাত সম্প্রসারণে ওয়ান-স্টপ সার্ভিস চালু ও ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এরপরও যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিলেই কেবল নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হোটেল ও রেস্তোরাঁ সেলের সহকারী নিয়ন্ত্রক (উপসচিব) মো. মিনহাজউল ইসলাম বলেন, ‘তিন তারকা থেকে শুরু করে এর ওপরের মানের কোনো হোটেল-রেস্তোরাঁর অনুমোদন নিতে হলে প্রথমেই কর্মকর্তা থেকে শুরু করে সব কর্মচারীকে প্রশিক্ষণ দিতে হয়। সেই প্রশিক্ষণের সনদ জমা দিয়েই কেবল অনুমোদন মেলে, নইলে মেলেনা।’

ব্যবসায়ীদের প্রশিক্ষণের দাবিকে ভিন্নভাবে দেখছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও। কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মঈনুল হাসান পলাশ বলেন, ‘ব্যবসায়ীরা যে প্রশিক্ষণের কথা বলছেন, তা হচ্ছে ভাওতাবাজি।

খাবার তৈরির নিয়ম না জেনে প্রতিষ্ঠান দিয়ে থাকলে এটি অপরাধ। এর জন্যই আগে তাদের শাস্তি হওয়া দরকার।

প্রশিক্ষণের বিষয়ে পর্যটন করপোরেশন কক্সবাজারের ম্যানেজার রায়হান উদ্দিন জানান, ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় ইতিমধ্যেই লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টের স্ট্রিট ফুড বিক্রেতাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারকামানের রেস্তোরাঁসহ শহরের নামিদামি খাবারের দোকানগুলোকেও প্রশিক্ষণ দিয়েছে ট্যুরিজম বোর্ড।

অভিযানের বিষয়ে কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মু. রোকন উদ্দিন বলেন, ‘পূর্বঘোষণা ছাড়াই শহরের খাদ্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বিশেষ করে তারকামানের হোটেল ও নামিদামি রেস্তোরাঁয় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে আদালত।’

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘প্রশাসন, ভোক্তা অধিকার ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়মিত তদারকি চলে, তাই সবশেষ কবে অভিযান হয়েছে তা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে দেড় সপ্তাহ আগে আমি নিজেও কলাতলী সৈকতের ফিশ ফ্রাইয়ের দোকানগুলো পরিদর্শন করেছি। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী দোকানে হালনাগাদ মূল্য তালিকা না থাকলে মোবাইল কোর্টে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত