আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ নেই। দুষ্কৃতকারীরা হামলা করেছিল বিদ্যুৎ অফিসে। অফিস ভাঙচুর করে ওরা। কর্মচারীরা কেউ মার খায়। কেউ পালিয়ে যায়। অতি উৎসাহী কে বা কারা যেন আগুন ধরিয়ে দেয় বিদ্যুৎ অফিসে। সেই থেকে পুরো এলাকায় বিদ্যুৎ নেই। দুই ঘণ্টাও সময় লাগেনি, বাজার থেকে কেরোসিন উধাও, মোমবাতি উধাও। ১০ টাকার মোম ২০০ টাকায় বিক্রি হয়েছে বাজারে।
বাজারে আড্ডা দিয়ে রাত করে বাড়ি ফিরছিল মতিন। ক্ষেতের মাঝখান দিয়ে কোনাকুনি হেঁটে যাচ্ছিল সে। হাতে টর্চলাইট। গোরস্থানের পাশ দিয়ে এত রাতে ভয় করা স্বাভাবিক। মতিন স্বাভাবিক নয়। একে পাগল, তার ওপরে আজ ভরপুর নেশা করেছে। এ অবস্থায় ভয়ডর কাজ করে কম। গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে মতিনের মনে পড়ল কয়েক দিন আগেই নিহত হওয়া বন্ধু কাজলের কথা।
কাজল আর মতিন সমবয়সী ছিল। ছোটবেলায় একসঙ্গে খেলাধুলা করত। মতিনের সব মনে আছে। কাজল কোনো দিন কারও ক্ষতি করেনি। কেউ বলতে পারবে না। শান্তশিষ্ট হিসাবে ছোটবেলাতেই কাজলের সুনাম ছিল। লেখাপড়া শেষ করে চাকরি নিয়ে নিজের এলাকাতেই ফেরত আসে কাজল। গরিব ও ভূমিহীন কৃষকদের স্বনির্ভর হতে সহযোগিতা করে। কাজলের সহযোগিতায় অনেক কৃষকের দিন ঘুরে গেছে। কাজলের সঙ্গে কোনো দিন কারও ঝগড়াঝাটিও হয়নি।
কাজলের ছোটভাই সজল তেমন ছিল না। ছোটবেলা থেকেই ডানপিটে, চঞ্চল, দুরন্ত ছিল। খেলাধুলা ভালো করত। দূরদূরান্ত থেকে ওকে ভাড়া করে নিয়ে যেত লোকে। মতিনের সঙ্গে দেখা হলে দোয়া চাইত। যেন দলকে জিতিয়ে আসতে পারে। সজল ভালো ক্রিকেট খেলত। খেলাধুলায় যারা ভালো, তারা দলাদলিতেও ভালো, মারামারিতেও ভালো। সজলও তেমন ছিল। দল বেঁধে খেলাধুলা, দল বেঁধে আড্ডা, দলাদলি-মারামারি সবকিছুতেই সজল ছিল এগিয়ে। নালিশ-সালিশও কম ছিল না ওর নামে। এলাকার বড়ভাইদের চোখে চিহ্নিত হতে সজলের বেশি সময় লাগেনি। খেলার মাঠ থেকে রাজনীতির মাঠেও কখন সজল চলে এসেছে সে নিজেও জানে না। এলাকার বড় ভাইয়েরা যখন যেখানে ডাকে, না গিয়ে তো পারা যায় না। তাই মিছিল-মিটিং-সভা-সমাবেশে সজলের উপস্থিতি সবারই চোখে পড়ে। সবাই সজলের পক্ষের এমন নয়। দল থাকলে বিপক্ষ দল থাকবেই। সেসবের তোয়াক্কা সজল করত না। আশপাশের দশ গ্রামের লোক তাকে এক নামে চিনত।
দশ গ্রামের লোক মতিনকেও চেনে। তবে পাগল হিসাবে। একই রাতে বাবা-মাকে হারানোর পর বাবা-মার কুলখানির আগেই ভিটামাটি দখল করে নেয় চাচারা। সহজ সরল মতিন এরপর থেকেই ‘পাগলা মতিন’ হিসেবে পরিচিত হয়। এতিমের কপালে যা জোটে, মতিনের কপালেও তা-ই জুটল। যার-তার অবহেলা।
কাজল-সজল দুই ভাই কোনো দিন মতিনের সঙ্গে মন্দ ব্যবহার করেনি। হাসিমুখে ছাড়া কখনো কথা বলেনি। ছোট-বড় অনেকেই মতিনকে ‘পাগল’ বলে তাচ্ছিল্য করার চেষ্টা করে। সজল কখনো মতিনকে ‘মতিন ভাই’ ছাড়া ডাকেনি। গত বছর বড় পূজার সময়ে মতিনকে মদ খেতে দিয়েছিল সজল আর তার বন্ধুরা। মণ্ডপের পেছনে সুপারি বাগানে গোল হয়ে বসা সেই মদের আড্ডায় হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ ছিল না।
কাজল রাজনীতি করত না। তার ছোট ভাই সজল সাবেক সরকারি দলের কোন এক কমিটিতে ছিল। সরকার পতনের পর থেকে সজল বাড়ি ফেরেনি। এদিকে সজলকে খুঁজতে বাড়িতে আসে একদল যুবক। সজল গত দুদিন ধরেই নিখোঁজ। কাঁদতে কাঁদতে সজলের মা ওদের জানায়। ওরা বিশ্বাস করে না। ভিড় থেকে কেউ বলে ওঠে, ‘নাটক কম করো পিও’। একেকজন একেক টিটকারি ছুড়ে দেয়। কেউ মা-কে, কেউ বোনকে, কেউ সজলের বৌদি, মানে, কাজলের স্ত্রীকে কটূক্তি করতে থাকে। সজলের বাহানা করে সজলের মা-বোনের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। এমন সময় কাজল বাড়িতে ঢুকে ভিড় দেখতে পায়।
কাজল ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। ওদের কথা শুনবার পর কাজলও ওদের বলে গত দুদিন ধরেই সজলকে পাওয়া যাচ্ছে না। ওর মোবাইল বন্ধ। থানায় গিয়েছিল কাজল। থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো পুলিশ নেই। সবকিছু ওদের খুলে বলে কাজল। ওরা বিশ্বাস করে না। একপর্যায়ে কাজল বলে, ‘ভাই রে যা বলার আছে, বললাম। তোমরা বিশ্বাস করলে করো, না করলে নাই।’
ভিড়ের মধ্যে থেকে কেউ বলে ওঠে ‘মালাউনের বাচ্চা কথা এমনে বলে কেন?’ সঙ্গে সঙ্গে ভিড়ের আরও অনেকে আপত্তি করে। সজলকে বাদ দিয়ে এবার কাজলের আচরণ নিয়ে বিতণ্ডা শুরু হয়। ভিড় থেকে দাবি আসে, কাজলকে ক্ষমা চাইতে হবে। কাজল হতভম্ব হয়ে যায়। সে কী এমন করল, যার জন্য হাঁটুর বয়সী এদের কাছে ক্ষমা চাইতে হবে এখন? এরা তো সবাই এলাকারই ছোট ভাই। এতক্ষণ যে দলনেতার ভূমিকা পালন করছিল, সে সজলেরও দুই-তিন বছর ছোট হবে বয়সে। কাজল কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল, ভাই রে, এমনিতেই মনমেজাজ ভালো নাই। তার ওপর যদি তোমরা এমন করো...’
কথা শেষ হয় না। ভিড়ের মধ্যে থেকে কেউ কাজলের মুখে ঘুষি মারে, ‘তোর মনমেজাজের গোষ্ঠী মারি। ধমক দিতেছে নাপাক মালাউনের বাচ্চা।’ সঙ্গে সঙ্গে কাজল বুঝতে পারে, ফাঁদে পড়ে গেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি। দেরি না হলেও এই ফাঁদ থেকে বাঁচবার কোনো উপায় কাজলের ছিল কিনা—কাজল ভাবতে থাকে।
প্রথম ঘুষিটাই চোখে লাগে। বাকি সময় কাজল কিছু দেখতে পায় না। এক মুহূর্ত পরে মা-বোন-স্ত্রীর সম্মিলিত চিৎকার শুনতে পায়। সেই চিৎকার এগিয়ে আসে। আর কাজল যেন আরও দূরে... এ...এ...এ সরে যায়। শ্বাসকষ্ট ছিল কাজলের। ওরা তোয়াক্কা করেনি। মা-বোন-বউয়ের সামনেই নিজ বাড়ির উঠানে গণপিটুনিতে নিহত হয় কাজল।
দাউ দাউ আগুনে সব পুড়ল। কাজলের ৬ মাসের শিশু ঘুমের মধ্যেই পুড়ে মরল। তাকে বাঁচাতে গিয়ে আগুনে ঝাঁপ দিল কাজলের স্ত্রী। কাজল-সজলের মা-বোনকে আর কোনো দিন কোথাও দেখা গেল না।
****
গোরস্তানের মধ্যে শেয়ালের দল হট্টগোল করছিল। মতিন সেদিকে টর্চের আলো ফেলে। দেখে ভয়াবহ দৃশ্য। মানুষের লাশ ছিঁড়ে খাচ্ছে ক্ষুধার্ত শেয়াল। মতিন চিৎকার করে দৌড়ে যায় শেয়ালগুলোর দিকে। আলো এবং শব্দে শেয়ালগুলো হকচকিয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকা পাগলা মতিন লাশের কাছে যায়। আরে, এ তো সজলের লাশ! এক সপ্তাহ ধরে নিখোঁজ। কারা মারল ওকে? কারা গোরস্থানে পুঁতে রাখল? সজল তো হিন্দু। ওকে তো পুঁতলে তো হবে না। পুড়তে হবে। পাগলা মতিনের মাথায় ঝড়ের গতিতে চিন্তা চলতে থাকল।
সজলকে খুঁজতে গিয়ে কাজলকে যারা হত্যা করেছিল, সেই রাতে মদের আড্ডায় ওরাও অনেকেই ছিল। যে সবচেয়ে বেশি মদ খেয়েছিল, যে সবচেয়ে বেশি নেচেছিল, যে সবচেয়ে বেশি বমি করেছিল, সেই তিনজনকেই আজকাল এলাকায় বেশি বেশি দেখা যায়। নতুন সময়ে ওরাই নাকি নতুন নেতৃত্ব দেবে। যারা সন্ধ্যার চা-বিস্কুট থেকে শুরু করে পূজার মৌসুমে গলা-পর্যন্ত-মদের লোভে সজলের পেছন পেছন ঘুর ঘুর করত। সজলের নাম দিয়ে এলাকার দুর্বলদের ধমক দিয়ে বেড়াত। সবাইকে চেনে মতিন। মতিন জানে, সবাই চেনে এদের। কেউ কিছু বলবে না। আর পাগলা মতিন কিছু বলেও লাভ নাই।
শেয়ালেরা সজলের অর্ধেক লাশ খেয়ে ফেলেছে। বাকি অর্ধেক-লাশ কাঁধে তুলে নিল মতিন। হেঁটে যেতে যেতে মতিন টের পেল, শেয়ালগুলো চলে যায়নি। বরং, তাকে কঠোরভাবে অনুসরণ করছে। ওদের খাবার ওদের মুখ থেকে কেড়ে নিয়ে যাবে একজন মানুষ—এটা শেয়ালরা মানতে পারছে না। টর্চের আলো আর মতিনের চিৎকারে হঠাৎ চমকে গিয়ে পিছু হটেছিল ওরা। আধাভরা পেটের লকলকে ক্ষুধা ওদেরকে আবারও সাহসী করে তুলল।
নিরাপদ দূরত্বে থেকে ওরা মতিনকে অনুসরণ করছে। কাছাকাছি হবার চেষ্টা করছে ওরা। শেয়ালগুলো বুঝতে পারছে, ওদের উপস্থিতি মতিন টের পেয়ে গেছে। কিছুক্ষণ পর পরই ঘুরে শেয়ালদের সঙ্গে মুখোমুখি হচ্ছে মতিন। কিছু দূর পরেই মোকলেসের বাড়ি। বাজার থেকে ফেরার পথে ওর বাড়িটাই আগে পড়ে। বেড়ার ফাঁক দিয়ে ঘরের আলো বের হয়ে আসছে। কত দূর আর হবে? দুইশ গজ? এর বেশি না। পা চালিয়ে হাঁটলে পাঁচ মিনিট বড়জোর। সে পর্যন্ত পৌঁছে তারপর বাকি ব্যবস্থা হবে। সজলের মৃতদেহ শ্মশানে নেওয়া, বিধিমতো সৎকার করা, ইত্যাদি।
বাজারে চা দোকানদার মোকলেস। সেদিন বলছিল, সজলের নামে ওরা কয়েক হাজার টাকা বাকি খেয়ে বসে আছে। সজল নিখোঁজ হওয়ার পর ওরা সেই দেনা অস্বীকার করেছে। মোকলেসও আশা ছেড়ে দিয়েছে। মতিনের কাছে দুঃখ করে বলছিল মোকলেস। মতিন চুপচাপ নিজের পায়ের দিকে তাকিয়ে চা খেতে থাকল। চায়ে চিনি আরেকটু হলে ভালো হতো। মতিন কিছু বলেনি। লুট হয়ে যাওয়া হাজার টাকার আফসোস যখন একটা মানুষ করে, তখন তার কাছে কিছু চাওয়া অমানবিক। হোক সেটা এক চামচ চিনি—ওই মুহূর্তের জন্য সেটা বোঝার ওপর শাকের আঁটি হবে।
পাগলা মতিনের কাঁধে সজলের আধাখাওয়া লাশ। হাতে একমাত্র টর্চলাইট। মতিন হেঁটে যাচ্ছে মোকলেসের বাড়ির দিকে। পেছনে ক্ষুধার্ত একদল শেয়াল। মতিনের সারা গা রক্তে মাখামাখি। যুদ্ধের সময় গুলি খাওয়া মতিনের বাবাকে একদিন কাঁধে করে জীবিত ফেরত এনেছিলেন কাজলের বাবা। মতিনের মনে আছে, বাবার কাছে শুনেছিল। মতিন এগিয়ে যায়। বাপ ছিলেন মুক্তিযোদ্ধা, মতিনেরও ভয় করে না। কাজল-সজল ভালো ব্যবহার করত মতিনের সঙ্গে। মতিনের হাঁটার গতি বাড়ে। মোকলেসের বাড়ি এগিয়ে আসে এক পা এক পা করে। লাশের ওজন নাকি দ্বিগুণ হয়ে যায়। অর্ধেক লাশের ওজন তাহলে এক মানুষের ওজন হবে। এত ভার লাগছে কেন মতিনের? সজলের তো বয়সও বেশি ছিল না। কিসের ভারে ক্লান্ত হচ্ছে পাগলা মতিন? পাগলের শক্তি অসুরের মতো, এই বদনাম তো মতিনের জন্য নতুন নয়। মতিন কি হেরে যাবে একদল শেয়ালের কাছে? মতিনের বাবাকে যে মানুষ জীবিত ফিরিয়ে এনেছিল, তার সন্তানের অর্ধেক লাশও কি মতিন বাঁচাতে পারবে না শেয়ালগুলোর কাছ থেকে? আরেকটু এগিয়ে ডাক দিলে মোকলেস নিশ্চয়ই বেরিয়ে আসবে।
সামনে থেকে এগিয়ে আসে মোকলেসের বাড়ি। এক পা আধ-পা করে। পেছন থেকে এগিয়ে আসে শেয়ালেরাও। ওরা বুঝতে পারছে লোকালয় বেশি দূর নয়। যা করার তার আগেই করতে হবে।
মতিন ভাবছে, মোকলেসকে ডাক দেবে কি না। ডাক দিতে গিয়ে মতিন টের পায় গলা থেকে কোনো আওয়াজ বের হয় না। গাঁজার নেশা আর এতক্ষণের পরিশ্রমে গলা শুকিয়ে আছে। আওয়াজ বের হচ্ছে না। মতিনের পেছনে সবার আগে থাকা দলনেতা শেয়ালটা ভাবছে, এক্ষুনি লাফ দেবে কি না।
চিত হয়ে পড়ে রইল মতিন। চোখগুলো তখনো খোলা। রাতের আকাশে চাঁদ নেই। লোডশেডিংয়ের কালো আকাশে উজ্জ্বল হয়ে আছে ছায়াপথ। ছোটবেলায় দাদির কাছে এই ঝাঁকে ঝাঁকে তারার নাম শুনেছিল, ইকারা বিলবিল। বিশ্ব-জাদুকর তার হাতের ইশারায় এতগুলো তারায় ভরা রাস্তা বানিয়েছিলেন। যে মানুষ জীবনে ভালো কাজ করে, কারও ক্ষতি না করে, সাধ্যমতো উপকার করে, কী পেল তার চেয়ে কী দিল—এমন জীবন কাটায়, তাহলে তারা না থাকার দিনে শান্তিবাসী হয়। শান্তির দিকে হেঁটে যেতে হয় এই তারায় ভরা পথ দিয়ে। সেই গল্পের পর থেকে মতিন কোনো দিন কারও ক্ষতি করেনি। যদি মতিন পাগল না হতো, আর এক-আধটু লেখাপড়া করত, তাহলে সে জানত, ইকারা বিলবিল নয়, ওর নাম আকাশগঙ্গা। ইংরেজিতে মিল্কিওয়ে।
গল্প
ইকারা বিলবিল
পিকলু নীল
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০