হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান পাখি-প্রাণীতে সমৃদ্ধ। ১৩ বছরেরও বেশি সময় ধরে নিয়মিত ওখানে যাচ্ছি। উদ্যানের বিভিন্ন স্থানে বেশকিছু মান্দার গাছ রয়েছে। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ মাসে এসব গাছে ফুল ফুটলে আবাসিক ও পরিযায়ী মিলে বহু বিরল ও দুর্লভ পাখির সমাগম ঘটে, বিশেষ করে টাওয়ারের পাশের মান্দার গাছ দুটোতে। পাখিগুলো মূলত মান্দারের টকটকে লাল মান্দার ফুলের নির্যাস ও পাপড়ি খেতে আসে। টাওয়ার থেকে মান্দারের ফুলে পাখিগুলোকে একেবারে চোখের সমতলে পাওয়া যায়। তাই এ সময় টাওয়ারে পক্ষী অলোকচিত্রীদের ভিড় লেগেই থাকে।
প্রায় ৯ বছর আগে এমনই এক সময় [৫ মার্চ ২০১৮] রাতের বাসে ভাগ্নে সাদমানকে নিয়ে সাতছড়ির উদ্দেশে রওনা হলাম। কিন্তু সকালে ওখানে পৌঁছে ডরমিটটিতে ব্যাগপত্র রেখে নাস্তা খেয়ে টাওয়ারে উঠতে উঠতে প্রায় ৮টা বেজে গেল। টাওয়ারে প্রচুর আলোকচিত্রীর ভিড়। পরিচিত একজন বললেন, ‘মান্দার ফুলে যেসব পাখির ছবি তুলতে এসেছেন ওরা তো সেই ভোরেই ফুলের রস ও পাপড়ি খেয়ে চলে গেছে।’ শুনে মনটাই খারাপ হয়ে গেল। কাজেই সিপাহি বুলবুল, হরবোলা, কাঠশালিক, ঝুঁটি শালিক ও ভাত শালিকেই খুশি থাকতে হলো। অবশ্য আশপাশের কিছু গাছে বুনো কবুতর ও বামন ফিঙের দেখা পেলাম। ১ ঘণ্টা অপেক্ষা করে টাওয়ার থেকে নিচে নেমে এলাম। এখানেও চার-পাঁচটি মান্দার গাছ আছে। তবে চোখের সমতলে ছবি তোলা অসম্ভব। টাওয়ার থেকে নামার ৫ মিনিটের মধ্যে আমার আরাধ্য প্রথম পাখি কইরিদি টিয়ে এল। খানিক পর ধূসর ফিঙে। কিন্তু অতি আরাধ্য মাথায় ক’গাছি লম্বা চুলসহ কুচকুচে কালো পন্ডিতের দেখা পেলাম না।
আধাঘণ্টা অপেক্ষার পর আবারও টাওয়ারে উঠলাম। মান্দার গাছ এখনও পাখিশূন্য। তবে দূর আকাশে সাপখেকো বাজ ও কাউ ধনেশ ওড়াউড়ি করছে। দুটো ক্লিক করে আবারও নিচে নামলাম। প্রায় ৪৪ মিনিট পর ছোট হলদেসিঁথি কাঠঠোকড়ার দেখা পেলাম। পাখিটিকে জীবনে এই প্রথম দেখলাম। ঠিক ৫ মিনিট পর অতি আরাধ্য পন্ডিত এসে মান্দারের ফুলে ঠোঁট চালাল। দ্রুত কয়েকটি ক্লিক করে সাক্ষী ছবি নিয়ে নিলাম। তবে চোখের সমতলে না পাওয়ায় ছবি তোলাটা তেমন জমল না।
পরের দিন ফজরের নামাজের পর টাওয়ারের উঠলাম। দুই প্রজাতির টিয়েসহ বেশকিছু দুর্লভ পাখির দেখা পেলাম। তবে সাড়ে ৩ ঘণ্টা অপেক্ষা করেও পন্ডিতের দেখা পেলাম না। অতএব, টাওয়ার থেকে নিচে নেমে বনের ভেতর খাণিক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপর পূণ্যি পুকুরের দিকে পা বাড়ালাম। পুকুরের কাছাকাছি আসতেই বেশ কয়েকটি মান্দার গাছ চোখে পড়ল। সব গাছই ফুলে ভরা। সেই ফুলের বসে রস খাচ্ছে বেশকিছু পন্ডিত। ধীরে-সুস্থে ওদের ছবি তুললাম। যদিও চোখের সমতলে পেলাম না, কিন্তু কিছু ভালো ছবি তোলা গেল।
মান্দার ফুলে যে পন্ডিতের গল্প এতক্ষণ বললাম তিনি এ দেশের পাখিরাজ ফিঙের জাতভাই কেশরাজ। কেশরাজ ফিঙে, কেশরী ফিঙে বা ফিঙে পন্ডিত নামেও পরিচিত। ইংরেজি নাম Spangled/Hair-crested Drongo। ডাইক্রুরিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Dicrurus hottentottus। এ দেশের সচরাচর দৃশ্যমান আবাসিক পাখিটিকে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়।
ফিঙে পন্ডিতের ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত দৈর্ঘ্য ২৮ থেকে ৩২ সেন্টিমিটার। ওজন ৯৫ গ্রাম। একনজরে প্রাপ্তবয়ষ্ক পাখি চকচকে নীলাভ-কালো- মনে হয় যেন পালকে তেল মেখেছে। মাথায় পাঠশালার পন্ডিতদের মতো দু-চার গাছি সরু চুল। ডানা ও কাঁধ-ঢাকনি চকচকে নীল-সবুজ। লেজ সামান্য চেরা ও শেষাংশ প্রায় চারকোনা যার বাইরের পালক দুটো চমৎকারভাবে শেষ প্রান্তে এসে বেঁকে গেছে। চোখ লালচে থেকে কালচে-বাদামি। ঠোঁট, পা, পায়ের পাতা ও নখ কালো। স্ত্রী-পুরুষ দেখতে একই রকম, আকারে স্ত্রী খানিকটা ছোট। অপ্রাপ্তবয়ষ্ক পাখির পালক কিছুটা বাদামি, চাকচিক্য নেই, মাথার ক’গাছি চুলও নেই।
ফিঙে পন্ডিত বনের পাখি; দেশের সব প্রাকৃতিক বনেই দেখা মেলে। সচরাচর একাকি, জোড়ায় বা ছোট দলে বিচরণ করে। কীটপতঙ্গ ও ফুলের রস প্রধান খাবার। তাই এরা গাছের ডাল-পালায় খাবার খোঁজে এবং উড়ে উড়ে নানা রকম উড়ন্ত কীটপতঙ্গ শিকার করে। এরা বেশ কোলাহলপ্রিয় ও নিজের ত্রিসীমানায় অন্যদের সহ্য করে না। নানা রকম স্বরে ডাকলেও সচরাচর ধাতব টানে ‘ঢেউ-চু-চু-পিউ-পিউ---ঢেউ-চু-চু-পিউ-পিউ---’ শব্দে ডাকে। অন্য পাখির ডাকও নকল করতে পারে। মার্চ থেকে জুন প্রজননকাল। এ সময় স্ত্রী-পুরুষ মিলেমিলে মাটি থেকে ৫ থেকে ২০ মিটার উঁচুতে গাছের শাখার শেষ প্রান্তে বাটির মতো বাসা বানায়। বাসা তৈরিতে গাছের ক্ষুদ্র মূল, বাকল, ঘাস-লতা-পাতা ও মাকড়সার জাল ব্যবহার করে। স্ত্রী তাতে কালচে-ধূসর ছিটছোপসহ তিন-চারটি ঘিয়ে রঙের ডিম পাড়ে। ডিম থেকে ছানা ফুটতে ১৫ থেকে ২০ দিন লাগে। ডিমে তা দেওয়া, ছানাদের খাওয়ানো ও যতœ করা সবকিছুই স্ত্রী-পুরুষ মিলেমিশে করে। এরা শত্রুদের বাসার ত্রিসীমানায় ঘেঁষতে দেয় না। ছানারা ১৫ থেকে ২২ দিনে উড়তে শিখে। আয়ুষ্কাল ৩ থেকে ৭ বছর।
লেখক : পাখি ও বন্যপ্রাণী প্রজনন ও চিকিৎসা বিশেষজ্ঞ