কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি কেন্দ্র করে গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে জনজীবন। গতকাল সোমবার সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোয় যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক দেখা গেছে। রাস্তায় বেড়েছে মানুষের উপস্থিতিও। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান ও টহল দিতে দেখা গেছে।
জেলা শহরের স্কুল-কলেজগুলোয় বার্ষিক পরীক্ষা যথারীতি চলছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতেও পাঠদান অব্যাহত রয়েছে। জেলার সব রুটে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
মধ্যরাতে বিজিবির টহল, আতঙ্কে গ্রামবাসী : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যরাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজিবির টহল পরিচালনার খবর পাওয়া গেছে।
টহল চলাকালে গ্রেপ্তার বা অভিযানের আশঙ্কায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। এ সময় স্থানীয় লোকজন মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে বিজিবির টহল কার্যক্রমে বাধা দেন বলেও জানা গেছে। এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিজিবির টহল কার্যক্রম এবং এতে বাধা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মুকসুদপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল : গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট, মুকসুদপুর থানায় হামলা-ভাঙচুর এবং বিএনপি নেতাকর্মীদের দলীয় কার্যালয় ও বাড়িঘরে হামলার প্রতিবাদে মুকসুদপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
গতকাল দুপুরে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ করেন, ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর উপজেলা বিএনপির কার্যালয়, পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন দলীয় কার্যালয় এবং ওয়ার্ড পর্যায়ের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান বলেন, মুকসুদপুর পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির শতাধিক দলীয় ও ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
পাঁচ উপজেলায় আওয়ামী লীগের মিছিল : আওয়ামী লীগ ঘোষিত ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে।
দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত-২০ : গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সড়কের ওপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আহতদের মধ্যে ৯ জন স্প্রিন্টারের আঘাতে আহত হয়। সংঘর্ষ চলাকালে সড়কের ওপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে ওই দুই গ্রামের যুবকদের একটি মিছিল বের করা হয়। এ মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক। এর জের ধরে সন্ধ্যায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কের ওপর চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সড়কের ওপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে উভয়পক্ষের ৯ জন স্প্রিন্টারের আঘাতে আহত হয়। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। মারাত্মক আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুরো শহরজুড়ে অতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম সংবাদ কর্মীদের জানিয়েছেন, তিনি একটি গোলমালের কথা শুনেছেন। বিস্তারিত তিনি বলতে পারছেন না বলে জানান।