গ্যাস-কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ এএম

দেশের পাঁচটি গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস ও উপজাত হিসেবে প্রাপ্ত কনডেনসেট বিক্রি করে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১৪৮ কোটি টাকা করপূর্ব মুনাফা করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ। বিদায়ী অর্থবছরটিতে নিজেদের পরিচালিত গ্যাসক্ষেত্রগুলো থেকে ৪ হাজার ৮২৮ দশমিক ৬০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন করে তা বিক্রয় করে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৩ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিএফসিএলের জনসংযোগ বিভাগ। এ দিন সন্ধ্যায় ঢাকায় পেট্রোবাংলার কার্যালয়ে বিজিএফসিএলের ৭১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিজিএফসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ওয়াছিম জাব্বারের সভাপতিত্বে সাধারণ সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নানসহ পেট্রোবাংলা ও বিজিএফসিএলের পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ নেন।

বিজিএফসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে বিজিএফসিএল পরিচালিত তিতাস, হবিগঞ্জ, নরসিংদী, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রের ৩৮টি কূপ থেকে দৈনিক ৪৬৯ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করে তা দেশীয় পাঁচটি বিতরণ কোম্পানির মাধ্যমে বিক্রয় করা হয়। এছাড়া ওই অর্থবছরে গ্যাসের উপজাত হিসেবে দিনে প্রায় ৩৫২ ব্যারেল হারে ২০৪ দশমিক ৯২ লক্ষ লিটার কনডেনসেট উৎপাদন ও বিক্রয় করা হয়। উল্লিখিত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি কোষাগারে ১ হাজার ৪৮ দশমিক ৯৯ কোটি টাকা জামা করে বিজিএফসিএল। আর কোম্পানিটির করপূর্ব মুনাফা ১৪৭ দশমিক ৯২ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, দেশীয় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে পেট্রোবাংলার কর্মপরিকল্পনায় বর্তমানে বিজিএফসিএলের তিনটি কূপ খনন/ওয়ার্কওভার, একটি ওয়েলহেড কম্প্রেসর স্থাপন এবং একটি থ্রিডি সাইসমিক জরিপ প্রকল্পসহ পাঁচটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত