দুমকিতে বেহুন্দি জালে অবাধে ছোটমাছ নিধন, প্রকাশ্যে বিক্রি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

পটুয়াখালীর দুমকিতে পায়রা, পাণ্ডব ও পাতাবুনিয়া নদীতে নিষিদ্ধ বেহুন্দি জালে অবাধে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির ছোট মাছ। এসব মাছ নিধনের পাশাপাশি উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হলেও কার্যকর নজরদারি নেই বলে অভিযোগ উঠেছে।

নদীতে ধরা এসব ছোটমাছ আঙ্গারিয়া, পাতাবুনিয়া, লেবুখালী, পাঙ্গাশিয়া হাজিরহাটসহ উপজেলা শহরের পিরতলা বাজারেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে। এতে একদিকে দেশীয় ছোট মাছের প্রজনন ও বংশবিস্তার হুমকির মুখে পড়ছে, অন্যদিকে জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একশ্রেণির অসাধু জেলে নিষিদ্ধ বেহুন্দি জাল ব্যবহার করে নদী থেকে নির্বিচারে ছোট মাছ ও মাছের পোনা ধরে বাজারে বিক্রি করছেন। এসব মাছ বাজারে প্রকাশ্যে বিক্রি হলেও তা বন্ধে নিয়মিত অভিযান বা কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে দিন দিন এ ধরনের মাছ শিকারের প্রবণতা বাড়ছে।

মৎস্য সংশ্লিষ্টদের মতে, বেহুন্দি জালের ফাঁস অত্যন্ত ছোট হওয়ায় এতে বিভিন্ন প্রজাতির ছোট মাছ, মাছের পোনা ও জলজ প্রাণী আটকা পড়ে। ফলে বড় হওয়ার আগেই বিপুলসংখ্যক মাছ নিধন হচ্ছে। এতে নদীর মাছের প্রাকৃতিক উৎপাদন ও ভবিষ্যৎ মৎস্যসম্পদ হুমকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, প্রশাসনের নজরদারি এড়িয়ে একশ্রেণির জেলে নিষিদ্ধ বেহুন্দি জালে ছোটমাছ শিকার করছেন। ইতোমধ্যে বেশ কিছু বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে অভিযান চালানো হবে।

স্থানীয়দের দাবি, শুধু নদীতে অভিযান চালালেই হবে না, নিষিদ্ধ জালে ধরা মাছের প্রকাশ্য বিক্রি বন্ধেও নিয়মিত বাজার তদারকি করতে হবে। পাশাপাশি বেহুন্দি জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে নির্বিচারে গুড়ামাছ নিধন বন্ধ করা সম্ভব হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত