জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এম এ লতিফের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ নভেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন। তবে বিষয়টি আজ মঙ্গলবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন।
মামলার এজাহার বলা হয়, ২০২৫ সালের ৮ এপ্রিল এম এ আবদুল লতিফের বিরুদ্ধে অনুসন্ধান করে দুদক। এতে তাঁর নামে ১৪টি নিবন্ধিত দলিলের মাধ্যমে কেনা জমিসহ মোট ১০ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৫১৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২২৩ টাকা এবং ব্যবসার মূলধন, বিনিয়োগ, গাড়ি ক্রয় ও নগদ অর্থসহ অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ২৯০ টাকা।
দুদকের অনুসন্ধানে তাঁর সম্মানী, ব্যবসা থেকে আয়, ব্যাংক সুদ ও অন্যান্য উৎস মিলিয়ে ৬ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকার বৈধ আয়ের তথ্য পাওয়া যায়।
তবে পারিবারিক ও অন্যান্য খাতে তাঁর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬১ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা। এসব ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বিপরীতে তাঁর বৈধ আয়ের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১৬ লাখ ৮২ হাজার ২৩৫ টাকা। এ হিসাবে তাঁর অর্জিত সম্পদের সঙ্গে বৈধ আয়ের ব্যবধান ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকা।
দুদকের অভিযোগ, এই পরিমাণ সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ। এজাহারে আরও বলা হয়, আবদুল লতিফ আয়কর নথিতে হর্টিকালচার ও কৃষি খাতে ৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা আয় দেখিয়েছেন। কিন্তু অনুসন্ধানে এর কোনো সত্যতা পায়নি দুদক।