‘কেমিস্ট্রি আমাকে শিখিয়েছে কিভাবে ভাবনার জগতকে তুলে ধরতে হয়’  

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কেমিস্ট্রি বিভাগে ভর্তি হয়ে জীবনে চলার জন্য অনেক কিছু শিখেছি। 

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির ছাত্র হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কেমিস্ট্রি আমাকে শিখিয়েছে কিভাবে ভাবনার জগতকে তুলে ধরতে হয়। এই বিভাগ আমাকে দিয়েছে অদম্য স্পৃহা। এই বিভাগে ভর্তি হওয়ার পর আমি অনেক কিছু শিখেছি। কিভাবে নিজের কাজকে ভালবাসতে হয়। এখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমি দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার প্রত্যয়ে কাজ করছি। 

এসময় তিনি সবাইকে দেশাত্মবোধ নিয়ে আন্তরিকতার সাথে কাজ করে দেশ গড়ার আহ্বান জানান। তিনি প্রখ্যাত রসায়নবিদ মুকাররম হোসেন খন্দকারকে স্মরণ করে বলেন, এই বিভাগের শিক্ষার্থীদের তাঁর আদর্শকে ধারণ করে উৎকৃষ্ট মানের রসায়নবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। 

রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, ‘শিক্ষক নিয়োগে মান নিশ্চিত করতে এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ)'র নিয়োগ পরীক্ষাকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মানের করার বিষয়ে পরিকল্পনা করছে সরকার। বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বৈষম্য এবং আত্মীকরণ সংক্রান্ত জটিলতার সমাধান নিয়েও কাজ করা হচ্ছে বলে মন্তব্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন,  শিক্ষকদের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। অন্য কোন পেশার সাথে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখলেন সেটা বিবেচনা করতে হবে।  

শিক্ষামন্ত্রী ড. মিলন আরও বলেন, ‘শিক্ষকদের প্রশিক্ষণ শুধু প্রথাগত না করে প্রশিক্ষণে নতুনত্ব, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। সেইসাথে  প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা থেকে প্রশিক্ষণ কার্যক্রমকে সাজাতে হবে। 

এসময় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, পরিচালক প্রফে. মো. শাহজাহান-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত