সাপ্লিমেন্ট শরীরের উপকার না ক্ষতি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ এএম

শরীর সুস্থ রাখতে আমাদের নানা ধরনের ভিটামিন খেতে হয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নানা ধরনের মাল্টিভিটামিন বা বি-কমপ্লেক্স সাপ্লিমেন্ট দোকান থেকে কিনে খান। অথচ না জেনে অনেক দিন ধরে ভিটামিন খেলে শরীরের ক্ষতি হতে পারে।

ভিটামিন বি৬ মস্তিষ্কের বিকাশ, স্নায়ুর স্বাভাবিক কাজ, শরীরে বিভিন্ন নিউরোট্রান্সমিটার উৎপাদন এবং লোহিত রক্তকণিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাত্রায় এই ভিটামিন গ্রহণ করলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে উল্টো। এই সমস্যাকে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। এতে মস্তিষ্ক ও মেরুদ-ের বাইরের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। মস্তিষ্কের সঙ্গে হাত-পা ও শরীরের অন্যান্য অঙ্গের যোগাযোগের স্নায়ুগুলোতেই সমস্যা দেখা দেয়। এর ফলে হাত-পায়ে অবশ ভাব, জ্বালাপোড়া বা ব্যথার অনুভূতি, স্পর্শ করলে অস্বস্তি হওয়া, শরীরের অঙ্গপ্রত্যঙ্গের অবস্থান বুঝতে অসুবিধা, হাঁটার সময়ে ভারসাম্য রাখতে সমস্যা, চলাফেরায় সমন্বয়ের অভাব দেখা দিতে পারে। সমস্যা বাড়লে হাঁটাচলা এবং রোজের কাজকর্মও ব্যাহত হতে পারে।

অনেকেই আলাদা করে ভিটামিন বি৬-এর ওষুধ খান না। কিন্তু একই সঙ্গে মাল্টিভিটামিন, বি-কমপ্লেক্স, এনার্জি ড্রিকস বা অন্য কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করলে শরীরে মোট ভিটামিন বি৬-এর পরিমাণ বেড়ে যেতে পারে। প্রতিটি পণ্যে কতটা ভিটামিন রয়েছে, তা খেয়াল না করলে অজান্তেই প্রয়োজনের চেয়ে অনেক বেশি মাত্রা শরীরে ঢুকে পড়ে।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বয়স ও লিঙ্গ অনুযায়ী ভিটামিন বি৬-এর দৈনিক প্রয়োজন আলাদা। সাধারণভাবে ১৯-৫০ বছর বয়সী নারী-পুরুষের প্রতিদিন প্রায় ১.৩ মিলিগ্রাম ভিটামিন বি৬ প্রয়োজন। ৫০ বছরের বেশি বয়সে পুরুষদের প্রয়োজন প্রায় ১.৭ মিলিগ্রাম এবং মহিলাদের ১.৫ মিলিগ্রাম। গর্ভাবস্থা ও স্তন্যপান করানোর সময়ে প্রয়োজন আরও বাড়ে।

ভিটামিন বি৬-এর জন্য সবসময়ে সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না। রোজকার খাবার থেকেই শরীর এই ভিটামিন পেতে পারে। যেমন কলা, আলু, মুরগির মাংস, মাছ, বাদাম, সয়াবিন, ওট্স ও দানাশস্য ইত্যাদি। প্রাকৃতিক খাবার থেকে ভিটামিন বি৬ গ্রহণ করলে সাধারণত অতিরিক্ত মাত্রায় পৌঁছে যাওয়ার আশঙ্কা থাকে না। মূল সমস্যা তৈরি হয় তখন, যখন অতিরিক্ত সাপ্লিমেন্ট খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েন অনেকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত