যেতে হবে অনেক দূর

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ এএম

রাষ্ট্র উপবৃত্তি দিয়ে একটি মেয়েকে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ করে দেবে। সে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখবে। অথচ একদিন হয়তো সন্তানকে রাখার নিরাপদ জায়গা না পেয়ে তাকে চাকরি ছেড়ে দিতে হবে। যে মেয়েটির শিক্ষার পেছনে রাষ্ট্র ও পরিবার বছরের পর বছর বিনিয়োগ করেছে, তার অর্জিত শিক্ষাকে কাজে লাগানোর পথে বাধা হয়ে দাঁড়াবে পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রীয় অবকাঠামোর অপ্রতুলতা। মেয়েটির জীবনের প্রথম দরজাটি খুলে দিয়ে পরবর্তী দরজাগুলো বন্ধ রাখলে নারীশিক্ষার এত আয়োজনের পূর্ণ সুফল আসবে না। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে গত ১৮ নভেম্বর ২০২৬, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ের সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নারীশিক্ষার প্রসারে এই উদ্যোগ সাধুবাদযোগ্য। এর ফলে বিদ্যালয় থেকে মেয়েদের ঝরে পড়ার হার কমবে। বাল্যবিবাহ নিরুৎসাহিত হবে। মেয়েদের উচ্চশিক্ষার পথ সহজ হবে বলে আশা করা যায়। একই সঙ্গে এই সিদ্ধান্ত নারীশিক্ষা নিয়ে আরও বিস্তৃত পরিসরে ভাবার দায় তৈরি করেছে। বাংলার নারীশিক্ষার ইতিহাস আসলে সামাজিক বাধা অতিক্রম করারও ইতিহাস। ১৯১১ সালে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেই রোকেয়ার দায় শেষ হয়নি। বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের নারীশিক্ষার গুরুত্ব বোঝাতে হয়েছে। মেয়েদের বিদ্যালয়ে আনা-নেওয়ার ব্যবস্থাও করতে হয়েছে। এক শতাব্দীরও বেশি আগের অভিজ্ঞতা এখনো প্রাসঙ্গিক। এখনো মেয়েদের বিদ্যালয়ে পৌঁছানোর সামাজিক ও বাস্তব বাধাগুলো দূর করা জরুরি।

২০২৬-এর বাংলাদেশে নারীশিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। ১৯৯৪ সাল থেকে গ্রামের মেয়েদের মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচি, বিভিন্ন সরকারের ধারাবাহিক প্রচেষ্টা এবং উন্নয়ন সংস্থাগুলোর অবদান এই যাত্রাকে এগিয়ে নিয়েছে। ২০২৩ সালে ব্যানবেইসের দেওয়া তথ্য অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার ছিল ৮০.৬২ শতাংশ, ছেলেদের ৬৪.৩৭ শতাংশ। আবার মেয়েদের ঝরে পড়ার হারও কম ছিল না (৩৪.৮৭%)। ২০২৫ সালে দেশের ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে এক জরিপে দেখা গিয়েছে তাদের মধ্যে ৪৭.২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ হওয়ার আগেই। এই সংখ্যাগুলো স্পষ্ট করে, মেয়েদের বিদ্যালয়ে আসা আর শিক্ষাজীবন শেষ করার মধ্যকার ব্যবধান কতটা। অর্থনৈতিক সংকট বাদ দিলেও বাল্যবিবাহ, ঘরের কাজের চাপ, সামাজিক নিরাপত্তার অভাব এবং পারিবারিক দৃষ্টিভঙ্গি মেয়েদের শিক্ষাজীবনে বড় বাধা। টয়লেট, মাসিকের সময়ে স্বাস্থ্য ব্যবস্থাপনা, পুষ্টি ও মানসিক স্বাস্থ্যসেবাও জরুরি প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানের দূরত্ব, অপর্যাপ্ত গণপরিবহন, যৌন হয়রানির আশঙ্কা ইত্যাদি কারণে অনেক পরিবার মেয়েদের চলাফেরাকে সীমিত করে। মেয়েদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করে এর সমাধান হবে না। বরং চলাফেরার পরিবেশকে নিরাপদ করা জরুরি। বাংলাদেশে নারীশিক্ষার হার বেড়েছে। কিন্তু শিক্ষিত মেয়েদের স্বাধীনভাবে জীবনযাপন ও পেশা বেছে নেওয়ার বিষয়টি কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে? অনেক পরিবার চাকরির প্রয়োজনে মেয়েদের অন্য শহরে যাওয়া কিংবা একা বসবাস করাকে সহজভাবে নেয় না। মেয়েদের সার্টিফিকিট এখনো অনেক সময়ই কেবল বিয়ের জন্য কাজে লাগে। অমর্ত্য সেন তার ‘ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম’ গ্রন্থে উন্নয়নকে মানুষের প্রকৃত স্বাধীনতা সম্প্রসারণের প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছেন। সেই অর্থে নারীশিক্ষার সাফল্য শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জনে নয়, নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা অর্জনেও।

বিয়ে, সংসার ও সন্তান প্রতিপালনের সঙ্গে কর্মজীবনের সমন্বয় ঘটানোর দায় প্রধানত নারীর ওপরই বর্তায়। বিবিএস ও ইউএন উইমেনের ২০২১ সালের জরিপ অনুযায়ী, বাংলাদেশের নারীরা প্রতিদিন গড়ে প্রায় ছয় ঘণ্টা অবৈতনিক গৃহস্থালি ও পরিচর্যার কাজে ব্যয় করেন। একজন কর্মজীবী মা সন্তানকে কোথায় রাখবেন? অসুস্থ শিশুর পাশে কে থাকবে? নির্ভরযোগ্য দিবাযত্ন কেন্দ্র, প্রশিক্ষিত শিশুযতœকর্মী ও গৃহকর্মীর অপ্রতুলতার মধ্যে এসব প্রশ্নের উত্তর নারীকেই খুঁজতে হয়। অথচ সন্তান প্রতিপালন নারী-পুরুষের যৌথ দায়িত্ব। এর সহায়ক পরিবেশ তৈরির দায় রাষ্ট্র ও কর্মপ্রতিষ্ঠানেরও রয়েছে। সুইডেনে স্থানীয় সরকারের মাধ্যমে শিশুযত্ন ও প্রাক্-বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা রয়েছে। আমাদের অর্থনৈতিক বাস্তবতা ভিন্ন হলেও স্থানীয় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার অংশগ্রহণে এলাকাভিত্তিক সাশ্রয়ী দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা সম্ভব। প্রশিক্ষিত শিশুযতœকর্মী তৈরি নতুন কর্মসংস্থানের পথও খুলবে। মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি, নমনীয় কর্মঘণ্টা এবং মাতৃত্বজনিত বিরতির পর কর্মজীবনে ফেরার সুযোগ নিয়েও ভাবতে হবে। পরিবর্তন প্রয়োজন শিক্ষার বিষয়বস্তুতেও। বিদ্যালয় থেকেই ছেলেমেয়ে উভয়কে শেখাতে হবে, সংসার পরিচালনা ও সন্তান প্রতিপালন কোনো নির্দিষ্ট লিঙ্গের দায়িত্ব নয়। মেয়েদের বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি পেশা নির্বাচনের দিকনির্দেশনা দেওয়া দরকার। বিয়ে কিংবা মাতৃত্বের কারণে শিক্ষাজীবনে বিরতি ঘটলে ফিরে আসার পথও খোলা রাখতে হবে। নারীশিক্ষা তাই এককভাবে শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় নয়। মহিলা ও শিশুবিষয়ক, শ্রম ও কর্মসংস্থান, স্বাস্থ্য, স্থানীয় সরকার, সমাজকল্যাণ এবং সড়ক পরিবহনসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। কতজন মেয়ে উপবৃত্তি পেল কিংবা পরীক্ষায় উত্তীর্ণ হলো, তার পাশাপাশি দেখতে হবে কতজন শিক্ষাজীবন সম্পন্ন করল, নিজের পছন্দের পেশায় প্রবেশ করতে পারল এবং কর্মজীবনে টিকে থাকল। সর্বজনীন উপবৃত্তির মধ্য দিয়ে সরকার একটি গুরুত্বপূর্ণ সূচনা করেছে। এর পূর্ণ সুফল পেতে নারীশিক্ষার পুরো যাত্রাপথকে ৩৬০ ডিগ্রি দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আজ যে কিশোরী সরকারের উপবৃত্তি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে, দশ বছর পর সে কোথায় থাকবে, কেমন থাকবে, নিজের অর্জিত শিক্ষাকে কতটা কাজে লাগাতে পারবে, সেই ভাবনাও আজকের রাষ্ট্রীয় পরিকল্পনায় থাকতে হবে। কারণ একটি মেয়েকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রের দায়িত্বের শুরু হয়, শেষ হয় না।

লেখক : শিক্ষাকর্মী ও শিশু সাহিত্যিক

bbbanhi1@gmail

সর্বশেষ সর্বাধিক পঠিত