আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেই কবে বলেছেন, ‘কোনকালে একা হয়নিকো জয়ী, পুরুষের তরবারী; প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয় লক্ষ্মী নারী।’ তিনি নারী-পুরুষের মিলিত প্রচেষ্টায় সমাজ ও সভ্যতার অগ্রগতির কথা বলেছেন। আর এই ভূখণ্ডে নারী জাগরণের অন্যতম অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বলেছেন, ‘কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব’। তিনি সমাজকে দেহের দুই চোখের সঙ্গে তুলনা করে সব নর-নারীর সমান শিক্ষা-মর্যাদার ওপর জোর দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে নারীর নিরাপত্তা এখনো কতটা নাজুক এরই ফের সাক্ষ্য মিলেছে ২৫ নভেম্বর দেশ রূপান্তরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে প্রকাশিত প্রতিবেদনের মধ্য দিয়ে। মানবাধিকার সংস্থাগুলো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনার ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, দেশে দিনে গড়ে ৯ জন নারী ধর্ষণ বা শারীরিক ও অন্য নির্যাতনের শিকার হন। তাদের মধ্যে ধর্ষণের শিকার হন অন্তত দুজন নারী বা কন্যাশিশু। এই পরিস্থিতির মধ্যেই ২৫ নভেম্বর পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস বা নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবস।
জাতীয় বা আন্তর্জাতিক দিবস পালনের মূল উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ ঘটনা, সামাজিক সমস্যা, সাংস্কৃতিক ঐতিহ্য বা বৈশ্বিকসহ দেশে বিদ্যমান চ্যালেঞ্জের প্রতি জনসচেতনতা তৈরি করা এবং সম্মিলিত পদক্ষেপ নেওয়া। নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবস পালনের জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিক স্বীকৃতি দানের পর ইতিমধ্যে অতিক্রান্ত হলো ২৬টি বছর কিন্তু নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কতটা চ্যালেঞ্জজয়ী হতে পেরেছি আমরা! বিস্ময়চিহ্ন যুক্ত এই জিজ্ঞাসার উত্তর যে অন্তহীন নয়, তা নিহিত রয়েছে বিদ্যমান বাস্তবতায়। রবীন্দ্রনাথ বলেছেন, ‘আমরা আরম্ভ করি, শেষ করি না; আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি তাহা পালন করি না...।’ তার এই অমোঘ উক্তিটি আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের এক নির্মম বাস্তবতা হয়ে দাঁড়িয়ে আছে। কাজের চেয়ে আড়ম্বর বড় হলে সমাজ বা ব্যক্তির প্রকৃত উন্নতি যে সম্ভব নয়, এর বহু নজির আমাদের সামনে আছে ব্যতিক্রম কিছু ঘটনা বাদে। আমরা দেখছি, নারী-শিশুর ওপর নিপীড়ন-নির্যাতনের বহুমাত্রিক কদর্যতা। ধর্ষণ ও ধর্ষণোত্তর হত্যার বিভীষিকা প্রশ্ন দাঁড় করার এ কোন অন্ধকারের গ্রাসে পড়েছে জীবন! সম্প্রতি এরই শিকার শিশু রামিসাসহ কটি মর্মন্তুদ ঘটনার বিচারের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা-সদিচ্ছার পরিপ্রেক্ষিতে প্রতীয়মান হয়, রাষ্ট্রশক্তি প্রতিবিধাননিষ্ট হলে ক্ষত উপশমে মানুষ স্বস্তি খুঁজে পায়।
আমরা মনে করি, সমাজে নারী নির্যাতন শুধু দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা নয়, বহুলাংশে দায়ী ব্যবস্থা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নানামাত্রিক গলদও। নিরাপত্তা নিশ্চিতকরণ ভিন্ন দৃশ্যমান উন্নয়নের সুফল সর্বজনের কল্যাণে আসে না। বিকশিত প্রযুক্তির আশীর্বাদ না নিয়ে বহু ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে অকল্যাণের হাতিয়াররূপে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে নারী এর বাইরে নন। লিঙ্গ সমতাসহ অধিকারের অনেক ক্ষেত্রে তুলনামূলক অগ্রগতি স্বীকার্য বটে, তবে সমান্তরালে এও জিজ্ঞাস্য; রাষ্ট্রশক্তি তার দায় পালনে অঙ্গীকার-উচ্চারণে যতটা সোচ্চার এর প্রতিপালনে রাষ্ট্রের অন্যতম অনুষঙ্গ প্রশাসনের দায়িত্বশীলরা নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালনে কতটা নিষ্ট! সমাজইবা কতটা তৎপর অধিকার কিংবা নিরাপত্তার ভূমি সমতল করতে! জিজ্ঞাসার শেষ নেই, যেমনটি শেষ নেই নাগরিক সমাজের অধিকারের ক্ষেত্রে; যার অন্যতম হলো নিরাপত্তা। আমরা মনে করি, দিবস পালনের আনুষ্ঠানিকতায় সব ফুরিয়ে যায় না, বরং এর প্রতিপাদ্য যাতে দৃশ্যমান সুফল নিয়ে আসে মনোযোগ গভীর করতে হবে সেদিকে। নারী-পুরুষের সম্মিলিত শক্তিই দেশের-সমাজের অগ্রগতি নিশ্চিত করে। দায় যেমন মুখ্যত রাষ্ট্রের তেমনি সমাজেরও দায় এড়ানোর অবকাশ নেই। যেকোনো অপরাধের ত্বরিত যথাযথ প্রতিবিধান এবং আইনি প্রক্রিয়ার সব পথ সুগম করাসহ মানুষের বোধের জায়গাটুকু পুষ্ট করার জন্য যূথবদ্ধ প্রয়াস জরুরি। অনাচার-কদাচার-দুরাচারের বিরুদ্ধে রাজনৈতিক সংস্কৃতির মান উন্নতকরণেও দায়িত্বশীল সব পক্ষকে নিতে হবে নির্মোহ অবস্থান। নিপীড়ন-ধর্ষণ প্রতিরোধে সচেতন সবাইকে দাঁড়াতে হবে এককাতারে। আইনগত ব্যবস্থা যত কঠোরই হোক, যদি সামাজিক দৃষ্টিভঙ্গি না বদলায়, তবে নিপীড়ন-ধর্ষণের মতো অপরাধ রোধ করা দুরূহ। নারী নির্যাতন প্রতিরোধে সাম্প্রতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভুক্তভোগীর সুরক্ষা, আইনি সহায়তা এবং জবাবদিহিও জরুরি।