বায়ুদূষণের মাত্রা নিয়ে বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দূষণের এই প্রভাব থেকে বাদ যায়নি বাংলাদেশও। সম্প্রতি বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা কিছুটা কমলেও আবারও বেড়েছে। ফলে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৩৯। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সূচকের মান পরিবর্তিত হতে পারে।
ওই সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ছিল ৩৬২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ২২৬ স্কোর নিয়ে ভারতের কলকাতা ছিল দ্বিতীয় এবং ২২৩ স্কোর নিয়ে দেশটির রাজধানী দিল্লি ছিল তৃতীয় অবস্থানে।
একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ পর্যন্ত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-কে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
ঢাকার বায়ুদূষণের জন্য অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও ধুলাবালিসহ বিভিন্ন কারণকে দায়ী করা হয়। এসব দূষণকারী উপাদানের কারণে বায়ুর মানের অবনতি হচ্ছে, যা নগরবাসীর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের কারণে শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসের বিভিন্ন সমস্যা বাড়তে পারে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমন কমানো এবং দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং পরিবেশবিষয়ক নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর বায়ুর মান উন্নয়নে উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।