মনপুরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু 

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

ভোলার মনপুরায় ভাড়ায়চালিত মোটরসাইকেল থেকে পড়ে ফরজ বানু (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মহিলা দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮ টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফরজ বানু উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা নাছির মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ বাড়ি থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন ফরজ বানু। পথে বদিউজ্জামান মহিলা দাখিল মাদরাসার সামনে পাকা সড়কের ওপর মোটরসাইকেলসহ পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত