রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। একই সময়ে পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় এবং ৩২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ জাবেদকে কে এম শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়।
জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে চাকরিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। পরে আটক তিনজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাদের মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।
কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা তিনজন এবং ককটেলসহ গ্রেপ্তার আল আমিনসহ মোট চারজন বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।