এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন ভারতের কিশোর ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী। তাঁর এই অতিমানবীয় ইনিংসের পর প্রশংসার বন্যায় ভাসছেন তিনি। এরই মাঝে বৈভবকে নিয়ে এক অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার কেভিন পিটারসেন। তাঁর দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে টেস্ট ক্রিকেটে ৫০০ রানের ইনিংস খেলবেন বৈভব!
গত মঙ্গলবার দোহায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। ৭টি চার ও রেকর্ড ২৮টি ছক্কায় সাজানো এই ইনিংস খেলার পথে পেশাদার ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির (৫২ বল) বিশ্ব রেকর্ড গড়েন তিনি। পাশাপাশি ২৮ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম ১৫০ এবং এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা ও সর্বোচ্চ স্ট্রাইক রেটের (৩৮৪.৯০) রেকর্ডও নিজের করে নেন।
বৈভবের এই তাণ্ডব দেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কেভিন পিটারসেন লেখেন, “একটি ভবিষ্যদ্বাণী করে রাখলাম—আগামী ৫ বছরের মধ্যে টেস্ট ম্যাচে ৫০০ রান করবে বৈভব!” উল্লেখ্য, টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার (৪০০* রান, ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে)।
এদিকে বৈভবের প্রতিভাকে কুর্নিশ জানালেও সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের এমন একতরফা আধিপত্য নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ব্যাটার সঞ্জয় মাঞ্জরেকার। বুধবার এক্সে তিনি লেখেন, “বৈভবের মাঝে বিশেষ কিছু আছে, এতে কোনো সন্দেহ নেই। তবে ও যা করল, তা আবারও মনে করিয়ে দেয় সাদা বলের ক্রিকেট কতটা হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। ভক্তরা এটাই চায়—এমনটা ভাবা ভুল। এটি ব্যাট এবং বলের খেলা, শুধু ব্যাটের নয়।”
মাঞ্জরেকারের এই মন্তব্য সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটার ও বোলারদের মধ্যকার ভারসাম্যহীনতা নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিয়েছে।
মঙ্গলবারের এই রেকর্ডের আগে দোহায় নেপালের বিপক্ষে ২৬ এবং পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১১ রান করেছিলেন বৈভব। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে ২৭ বলে ৪০ রান করেছেন তিনি চার বাউন্ডারি ও তিন ছক্কায়।
'মাতাল' হয়ে ম্যাচ পরিচালনা করছিলেন রেফারি!