শাহজাদপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় শরীয়াহ্আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে মতবিনিময় সভা ও উঠান বৈঠকের আয়োজন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শাহজাদপুরের পিপিডি ট্রাস্টের সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় শাহজাদপুর শাখার আওতাধীন ১৪টি এজেন্ট আউটলেটের মালিক, আউটলেটে কর্মরত ব্যাংক কর্মকর্তাবৃন্দ এবং শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অব এজেন্ট ব্যাংকিং মোঃ মাইনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর শাখার ব্যবস্থাপক মোঃ মেসবাহুল মনির।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন গ্রাহক সৃষ্টি, প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে আনা, মুদারাবা সঞ্চয় প্রকল্পে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা এবং গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিটি আউটলেটকে গ্রাহকদের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে সময়মতো সেবা প্রদান, যথাযথ কেওয়াইসি সম্পাদন এবং গ্রাহকের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মাইনুল ইসলাম আউটলেটগুলো নির্ধারিত সময়ে খোলা রাখা, পর্যাপ্ত নগদ অর্থ ও নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা এবং ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে গ্রাহকদের অবহিত করার পরামর্শ দেন।

সভায় এজেন্ট আউটলেটগুলোর কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি চলতি বছরের অবশিষ্ট সময়ের জন্য ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নে করণীয় নির্ধারণ করা হয়। উন্মুক্ত আলোচনায় এজেন্ট ও আউটলেট কর্মকর্তারা তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতি মাসে শ্রেষ্ঠ আউটলেট নির্বাচনের সিদ্ধান্তও জানানো হয়। । পরে মুনাজাতের মাধ্যমে উঠান বৈঠক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে দেশের শহর ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শরীআহ্সম্মত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত