দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষরোপন করবে ব্র্যাক ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে পরিবেশগত টেকসই উন্নয়নের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করতে দেশব্যাপী ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল প্রাঙ্গণে ১,৫০০টি চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সরকারের জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সাথে সঙ্গতি রেখে নেওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে জলবায়ু-সহনশীল করে তোলা এবং সবুজায়ন বৃদ্ধি করা। সারা দেশে এই ৫০ হাজার গাছ রোপণের ফলে আগামী এক দশকে প্রায়  এক হাজার টন কার্বন ডাই-অক্সাইড শোষিত হবে বলে আশা করা হচ্ছে, যা কার্বন নিঃসরণ কমিয়ে একটি সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে।

এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য ও বিরল প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ এবং সবুজায়নের প্রসার ঘটাতে চায়। ব্র্যাক ব্যাংকের সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে চন্দ্রকলি ফাউন্ডেশন এবং স্থানীয়ভাবে সহযোগিতা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’।

এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এদিন হল এলাকায় ৮০০-এরও বেশি ফলজ, ভেষজ, ঔষধি, বনজ, সৌন্দর্যবর্ধক ও দুর্লভ প্রজাতির চারা রোপণ করা হয়। এ উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল, শহীদ আবদুর রব হলসহ ক্যাম্পাসের অন্যান্য স্থানে পর্যায়ক্রমে মোট ১,৫০০টি চারা রোপণ করা হবে।

চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ.জি.এম. নিয়াজ উদ্দিন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্য প্রতিনিধিরা।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির চট্টগ্রাম রিজিওনাল হেড মো. শহীদুল ইসলাম খান ও হাটহাজারী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সাজ্জাদ হোসেন। এছাড়াও হলের আবাসিক শিক্ষকরা, ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’-এর নেতারা, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

ব্র্যাক ব্যাংকের এ উদ্যোগ সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। পরিকল্পিতভাবে এই বৃক্ষরোপণ ও শীতকালীন ফুলের চারা রোপণের ফলে ক্যাম্পাসের নান্দনিকতা আরও বৃদ্ধি পাবে। রোপণকৃত প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রভোস্ট ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। এমন পরিবেশবান্ধব উদ্যোগের জন্য আমি ব্র্যাক ব্যাংক, চন্দ্রকলি ফাউন্ডেশন ও আওয়ার গ্রিন ক্যাম্পাসকে জানাই আন্তরিক ধন্যবাদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত