প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনায় গবেষণা এবং প্রযুক্তি উদ্ভাবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ অর্জন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। ‘প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন’ ক্যাটাগরিতে ইনস্টিটিউটটি মর্যাদাপূর্ণ এ পদকের স্বর্ণপদক লাভ করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকের হাতে স্বর্ণপদক তুলে দেন।
বিএলআরআই দীর্ঘদিন ধরে দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা, উন্নত জাত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব ও জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে আসছে। ইনস্টিটিউটের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও গবেষণালব্ধ ফলাফল দেশের খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এ স্বর্ণপদক অর্জন বিএলআরআই-এর বিজ্ঞানী, গবেষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি। একই সঙ্গে এ অর্জন দেশের প্রাণিসম্পদ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিএলআরআই-এর অগ্রণী ভূমিকার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
এ সম্মাননা বিএলআরআই-এর ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।