প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাণিসম্পদ পদক নিলেন সিভাসুর অধ্যাপক হুমায়ূন

ছানার পানি থেকে পানীয় উদ্ভাবন ও উদ্যোক্তা পর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণের স্বীকৃতি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

ফেলে দেওয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবন এবং সেই প্রযুক্তি উদ্যোক্তা পর্যায়ে সম্প্রসারণের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ পেয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ূন কবির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। ‘প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন (গবেষক)’ ক্ষেত্রে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।

ছানা তৈরির পর অবশিষ্ট তরল উপজাত ‘হুয়ে’ বা ছানার পানি সাধারণত ফেলে দেওয়া হয়। পুষ্টিগুণ থাকা সত্ত্বেও এই সম্পদের উল্লেখযোগ্য অংশ অব্যবহৃত থেকে যায়। অধ্যাপক কবিরের নেতৃত্বাধীন গবেষকদল এই উপজাত কাজে লাগিয়ে গাঁজন প্রক্রিয়ায় একটি পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবন করেছে।

২০২৫ সালে বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত এবং বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ উপস্থাপিত এ প্রযুক্তি ইতিমধ্যে খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে পৌঁছেছে। প্রশিক্ষণ ও পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে এর বাণিজ্যিক সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।

ছানার পানির বহুমুখী ব্যবহার ও মূল্যসংযোজনের ধারাবাহিকতায় অধ্যাপক কবিরের গবেষকদল ননি সরানো দুধ এবং আনারস ও পেঁপে থেকে প্রাপ্ত প্রাকৃতিক এনজাইম ব্যবহার করে রিকোটা-ধরনের পনির তৈরির গবেষণাও করেছেন। এসব উদ্ভাবন দুগ্ধ শিল্পের ছানার পানির অপচয় কমানোর পাশাপাশি খাদ্যপণ্যের বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

ছানার পানির ব্যবহার শুধু পানীয় উদ্ভাবনেই সীমাবদ্ধ রাখেননি অধ্যাপক কবিরের গবেষকদল। একই উপজাতের সঙ্গে ননি সরানো দুধ এবং আনারস ও পেঁপে থেকে প্রাপ্ত প্রাকৃতিক এনজাইম ব্যবহার করে রিকোটা-ধরনের পনির তৈরির গবেষণাও করেছেন তারা। এ উদ্যোগ দুগ্ধশিল্পের অব্যবহৃত উপজাতকে একাধিক মূল্যসংযোজিত খাদ্যপণ্যে রূপান্তরের নতুন সম্ভাবনা দেখিয়েছে।

২৫ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে যুক্ত অধ্যাপক কবিরের ৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাঁর একক-লেখক গ্রন্থ ‘মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস: নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং’ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সিআরসি প্রেস থেকে প্রকাশ হয়।

গ্রন্থটি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ায় উচ্চশিক্ষার পাঠদানে ব্যবহৃত হচ্ছে। গবেষণার পাশাপাশি তিনি নিরাপদ খাদ্য, প্রাণিজ পণ্যের বহুমুখীকরণ, প্রযুক্তি উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে কাজ করছেন। আন্তর্জাতিক গবেষণা জার্নালের সম্পাদকীয় কার্যক্রম, গবেষণাভিত্তিক জ্ঞানবিনিময় এবং জাতীয় দৈনিকে বিজ্ঞান ও সমসাময়িক উন্নয়নবিষয়ক লেখালেখিতেও তিনি সক্রিয়।

অধ্যাপক কবির বলেন, ‘গবেষণাটি পরীক্ষাগার থেকে উদ্যোক্তাদের কাছে পৌঁছেছে-এটাই আমাদের বড় প্রাপ্তি। এই স্বীকৃতি গবেষণাটিকে আরও বিস্তৃত করার অনুপ্রেরণা দেবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত