ভোলার লালমোহনে ৩০ লাখ টাকার চেক প্রতারণার মামলায় মোল্লা আইসক্রিমের মালিক মো. সিরাজ মোল্লাকে এক বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। দণ্ডিত সিরাজ মোল্লা (৫১) লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে সিরাজ মোল্লা তার প্রতিবেশী মো. মফিজুর রহমানের কাছ থেকে নগদ ও চেকের মাধ্যমে মোট ৩০ লাখ টাকা ধার নেন। পরে পাওনা টাকা ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করেন তিনি। একপর্যায়ে ২০২১ সালের ২১ মার্চ উত্তরা ব্যাংকের লালমোহন শাখায় নিজের সঞ্চয়ী হিসাবের বিপরীতে ৩০ লাখ টাকার একটি অ্যাকাউন্ট পে চেক দেন সিরাজ।
মফিজুর রহমান চেকটি নগদায়নের জন্য রূপালী ব্যাংকের লালমোহন শাখায় জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকা এবং হিসাব বন্ধ থাকায় ২৩ মার্চ চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে আইনজীবীর মাধ্যমে ২০২১ সালের ১২ এপ্রিল সিরাজ মোল্লাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ১৮ এপ্রিল তিনি নোটিশটি গ্রহণ করলেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করেননি।
এ ঘটনায় মফিজুর রহমান নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় ২০২১ সালে লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটি (নং-১৫৮/২১) দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সিরাজ মোল্লাকে এক বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা অর্থদণ্ড দেন।