সেই ফকির বউ নিয়ে ফিরলেন হেলিকপ্টারে

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

নামের শেষে ‘ফকির’ পদবি। পারিবারিকভাবে পাওয়া এই পদবি নিয়ে ছোটবেলা থেকেই নানা কটুকথা শুনতে হয়েছে তাকে। সেই অভিজ্ঞতা থেকেই মনে মনে একটি স্বপ্ন লালন করতেন—একদিন তাকে দেখতে আসবে পুরো গ্রাম। বড় হয়ে ফ্রান্সে পাড়ি জমালেও সেই স্বপ্ন ভোলেননি ভোলার বোরহানউদ্দিনের মো. শাহিন ফকির। অবশেষে বিয়ে করে নববধূকে হেলিকপ্টারে চড়িয়ে নিজ গ্রামে ফিরিয়ে সেই স্বপ্নেরই এক ব্যতিক্রমী পূর্ণতা দিলেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে হেলিকপ্টারে নববধূকে নিয়ে শাহিনের আগমন ঘিরে উৎসবে মেতে ওঠে উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সর্দারবাড়ি। ধানক্ষেতের পাশে তৈরি করা অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ। নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।

শাহিন ফকির ওই গ্রামের মো. সিরাজ ফকিরের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন তিনি। তার নববধূ মারজিয়া আক্তার ঢাকার চিটাগাং রোড এলাকার বাসিন্দা। ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে করে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন শাহিন।

এই আয়োজনের প্রস্তুতি চলে প্রায় দুই সপ্তাহ ধরে। ধানক্ষেতের পাশে তৈরি করা হয় হেলিকপ্টার অবতরণের জায়গা। প্রশাসনকে অবহিত করা, গ্রামবাসীকে দাওয়াত দেওয়া, বাড়িঘর পরিপাটি করা এবং রাস্তাঘাট ঠিক করাসহ নানা আয়োজন করেন পরিবারের সদস্যরা। পুরো গ্রামে ছড়িয়ে পড়ে হেলিকপ্টারে নববধূ আসার খবর। স্থানীয়দের অনেকের কাছে এটি ছিল জীবনে প্রথমবারের মতো গ্রামে হেলিকপ্টার অবতরণ দেখার অভিজ্ঞতা।

শাহিনের স্বজনরা জানান, বিয়ের পর স্ত্রীকে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে নিয়ে আসার ইচ্ছা ছিল তার দীর্ঘদিনের। ছেলের নববধূকে ব্যতিক্রমী আয়োজনে বরণ করে নেওয়ার স্বপ্ন ছিল বাবা-মায়েরও। পরিবারের সেই ইচ্ছা পূরণ করতেই এই আয়োজন। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ায় আনন্দিত শাহিন ও তার পরিবারের সদস্যরা।

নিজের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি স্মরণীয়ভাবে উদযাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’

স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন, আল আমিন ও হাসনাইন বলেন, ‘আমাদের এ গ্রামে এর আগে কোনো পুত্রবধূকে হেলিকপ্টারে করে আনা হয়নি। গ্রামে হেলিকপ্টার আসতেও দেখা যায় না। তাই হেলিকপ্টারে করে নববধূ আসার খবর শুনে দেখতে এসেছি। এমন আয়োজন দেখে আমরা আনন্দিত।’

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, সেখানে থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

একটি বিয়ের আয়োজন, অথচ তা ঘিরে আনন্দে মেতেছে পুরো গ্রাম। কারও কাছে এটি ব্যতিক্রমী আয়োজন, কারও কাছে কৌতূহলের ঘটনা। আর শাহিনের কাছে এটি শৈশব থেকে লালন করা স্বপ্নপূরণের মুহূর্ত—যেখানে নিজের জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি বাবা-মায়ের ইচ্ছাও পূরণ হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত