মস্তিষ্ক সুস্থ ও তরুণ রাখতে ৫ অভ্যাস

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম

বয়স বাড়ার সঙ্গে শরীরের পাশাপাশি মস্তিষ্কেও পরিবর্তন আসে। তবে অনেক সময় প্রকৃত বয়সের তুলনায় মস্তিষ্কের বয়স বেড়ে যেতে পারে আরও দ্রুত। এর প্রভাবে স্মৃতিশক্তি কমে যাওয়া, মনোযোগের ঘাটতি, এমনকি ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্সের মতো রোগের ঝুঁকিও বাড়তে পারে। তবে আশার কথা হলো, বয়স বাড়ার প্রক্রিয়া পুরোপুরি থামানো সম্ভব না হলেও কিছু স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে মস্তিষ্কের সুস্থতা বজায় রাখা এবং বয়সজনিত অবক্ষয়ের গতি কমানো সম্ভব। নিয়মিত পাঁচটি অভ্যাস মস্তিষ্ককে দীর্ঘদিন সচল ও কর্মক্ষম রাখতে সহায়তা করতে পারে।

১. নিয়মিত শরীরচর্চা 

মস্তিষ্ক সুস্থ রাখতে শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। চিকিৎসকের পরামর্শ, সপ্তাহে অন্তত ১৫০ মিনিট দ্রুত হাঁটা, সাইকেল চালানো কিংবা সাঁতার কাটার মতো ব্যায়াম করা উচিত।

নিয়মিত শরীরচর্চা মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায়। এতে মস্তিষ্কের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পায়। পাশাপাশি নতুন স্নায়বিক সংযোগ তৈরিতে সহায়তা করে, যা শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দীর্ঘ সময় বসে থাকা কিংবা শুধু মুঠোফোনে ভিডিও দেখার অভ্যাস বাদ দিয়ে প্রতিদিন শরীরচর্চার সময় বের করতে হবে।

২. মস্তিষ্ককে নতুন কিছু শেখার সুযোগ দিতে হবে

মস্তিষ্ককে সক্রিয় রাখতে নিয়মিত নতুন কিছু শেখা জরুরি। দাবা খেলা, নতুন ভাষা শেখা, বই পড়া, গান শেখা কিংবা নতুন কোনো দক্ষতা অর্জনের চেষ্টা করতে পারেন।

চিকিৎসক অন্বিত ভট্টাচার্যের মতে, মস্তিষ্ককে নিয়মিত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করতে হবে। এতে মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হয় এবং নতুন স্নায়বিক সংযোগ তৈরি হয়। এর ফলে চিন্তাভাবনা, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়তে পারে। পাশাপাশি মস্তিষ্কের কগনিটিভ রিজার্ভ বা মানসিক সক্ষমতার সঞ্চয়ও সমৃদ্ধ হয়।

৩. পর্যাপ্ত ঘুম ও সুষম খাবার নিশ্চিত করতে হবে 

মস্তিষ্কের সুস্থতার জন্য প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুম প্রয়োজন। ঘুমের সময় মস্তিষ্ক দিনের বিভিন্ন অভিজ্ঞতা ও তথ্যকে স্মৃতি হিসেবে সাজিয়ে রাখে। একই সঙ্গে মস্তিষ্কের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়াও চলে।

পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ ও স্মৃতিশক্তিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

পাশাপাশি প্রতিদিনের খাবারে প্রোটিন, শাকসবজি, ফলমূল ও শস্যজাতীয় খাবার রাখুন। সুষম খাদ্যাভ্যাস মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।

৪. ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলার অভ্যাস করতে হবে 

ধূমপান ও অতিরিক্ত মদ্যপান শুধু শরীরের নয়, মস্তিষ্কেরও ক্ষতি করে। এসব অভ্যাস মস্তিষ্কের রক্তনালির ক্ষতি করতে পারে। এর ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি স্মৃতিশক্তি ও অন্যান্য বুদ্ধিবৃত্তিক কার্যক্রম দুর্বল হয়ে পড়ার ঝুঁকি বাড়ে।

চিকিৎসক অন্বিত ভট্টাচার্যের মতে, ধূমপান ও অতিরিক্ত মদ্যপান মস্তিষ্কের কগনিটিভ অবক্ষয়ের গতি বাড়িয়ে দিতে পারে। তাই মস্তিষ্ক সুস্থ রাখতে এসব অভ্যাস পরিহার করা জরুরি।

৫. রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে 

মস্তিষ্কের সুস্থতার সঙ্গে রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের সরাসরি সম্পর্ক রয়েছে। এসবের মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে মস্তিষ্কের রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে স্মৃতিশক্তি ও অন্যান্য মানসিক সক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি ডিমেনশিয়ার ঝুঁকিও বাড়তে পারে।

তাই নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা উচিত। বিশেষ করে ৩০ বছর বয়সের পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন। কোনো সমস্যা ধরা পড়লে চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ ও জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখতে হবে।

মস্তিষ্কের বয়স বাড়া স্বাভাবিক প্রক্রিয়া। তবে কত দ্রুত এই পরিবর্তন ঘটবে, তার ওপর জীবনযাত্রার যথেষ্ট প্রভাব রয়েছে। নিয়মিত শরীরচর্চা, নতুন কিছু শেখা, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে মস্তিষ্কের কর্মক্ষমতা দীর্ঘদিন ধরে রাখা সম্ভব।

সর্বশেষ সর্বাধিক পঠিত