বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপের প্রস্তাব করেছে। মাত্রাভেদে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার ১৫ থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলছে। এর মধ্যে বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্কের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। বাংলাদেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের একটি কারণ হিসেবে চীন থেকে কাঁচামাল আমদানি এবং চীনা বিনিয়োগের মাধ্যমে এখানে ‘অতিরিক্ত’ উৎপাদন সক্ষমতা থাকাকে অজুহাত হিসেবে দেখিয়েছে ইউএসটিআর। ভূরাজনীতি এবং বাণিজ্যিক ও সামরিক প্রভাব বিস্তারের দিক থেকে চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের প্রতিযোগী হওয়ায় বিশ্বব্যাপী এমন ধারণা তৈরি হয়েছে যে, ট্রাম্প প্রশাসনের এমন আকস্মিক শুল্ক আরোপ ভূরাজনৈতিক দিক থেকে পক্ষপাত মুক্ত নয়। আমরা মনে করি, এ ধারণা অমূলক নয়।
ট্রাম্প প্রশাসন ২০২৫ সালেও একই ধরনের কান্ড করেছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর ‘পাল্টা শুল্ক’ নামে ইচ্ছেমতো শুল্ক চাপিয়ে দিতে উদ্যত হয়েছে। প্রতিযোগী দেশভেদে তখন যুক্তরাষ্ট্রের অবস্থান ও কৌশল ছিলো ভিন্ন। অতিরিক্ত শুল্কের হুমকিতে থাকা দেশগুলো যার যার ভূরাজনৈতিক অবস্থান ও সক্ষমতাভেদে ভিন্ন ভিন্ন কৌশল নেয়। যুক্তরাষ্ট্রের আদালত একপর্যায়ে নির্বাহী আদেশে ২০২৫ সালে ঢালাও শুল্ক আরোপ স্থগিত করে। আদালতের প্রক্রিয়ার মাঝপথেই দেশটির সঙ্গে অন্তর্র্বর্তী সরকার চলতিবছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে অনেকটা তড়িঘড়ি করে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) স্বাক্ষর করে। এতে করে ‘পাল্টা শুল্ক’ ২০ শতাংশ থেকে মাত্র ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ করা সম্ভব হয়। এরপর যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কেনা, প্রচুর পরিমাণ জ্বালানি, তুলা ও গম আমদানির চুক্তি হয়। আমরা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ থেকে প্রয়োজনে কেনার বিপক্ষে নই। কিন্তু দেখা দরকার, কী শর্তে ও কেন কেনা হচ্ছে? চাপের মুখে, নাকি স্বাভাবিক প্রয়োজনে। বিশেষজ্ঞদের মতে, এআরটির কয়েকটি শর্ত দেশের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক স্বার্থের পরিপন্থী।
চীন থেকে শিল্পের কাঁচামাল আমদানিও নতুন কিছু নয়। আবার তৈরি পোশাকের ক্ষেত্রে ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়ার পাশাপাশি চীনও বাংলাদেশের প্রতিদ্বন্দ¦ী, যাদের ওপর যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। কাজেই, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক রপ্তানি বাজারে আমাদের প্রতিদ্বন্দ্বিরা নতুন শুল্ক পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নেয়, তার ওপর নজর রাখা দরকার। কারণ, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়াসহ প্রতিযোগি দেশের জন্য প্রযোজ্য শুল্কহার বাংলাদেশের চেয়ে কম হলে আমাদের রপ্তানিতে তার নেতিবাচক প্রভাব পড়বে।
ইউএসটিআর বলছে, নতুন শুল্ক প্রস্তাবের বিষয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত লিখিত মতামত ও ২৫ জানুয়ারি থেকে গণশুনানি করা যেতে পারে। এ অবস্থায় বাংলাদেশের সামনে কূটনৈতিক ও বাণিজ্যিক কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলেও থাকতে পারে। তবে তার আগে ইউএসটিআর নির্ধারিত সময়সীমার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমইএর মাধ্যমে শক্তিশালী তথ্য-উপাত্তসহ লিখিত বক্তব্য জমা দেওয়া এবং গণশুনানিতে সরাসরি অংশ নেওয়া জরুরি। আমরা মনে করি, প্রতিটি ক্ষেত্রে ‘অতিরিক্ত’ উৎপাদন সক্ষমতার অভিযোগটি খণ্ডন করা অতি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের পাইকারি ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কম দাম দেওয়ার প্রবণতার কারণে এখানকার রপ্তানিকারকরা চাপে আছেন; বাংলাদেশের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বাস্তবতাও তথ্যসহ উপস্থাপন করতে হবে। ২০২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ব্যয় ৩২ শতাংশের বেশি বৃদ্ধির পরিসংখ্যান ওয়াশিংটনের কাছে তুলে ধরে শুল্ক ছাড়ের দাবি জোরালো করা প্রয়োজন।
ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের দীর্ঘ লড়াইয়ের এই সময়ে প্রভাবশালী দেশগুলো ভিন্ন ভিন্ন কৌশলে চাপ দেবে। এটা অস্বাভাবিক নয়। আমাদের প্রয়োজন এই চাপ সামাল দিতে দেশে নানামুখী দীর্ঘমেয়াদি বিকল্প বিবেচনায় রেখে প্রস্তুতি নেওয়া। তুলনামূলক কম উৎপাদন খরচের সুবিধা কাজে লাগিয়ে ক্রয়াদেশ ধরে রাখা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, যুক্তরাষ্ট্রসহ এককভাবে বড় ও প্রচলিত রপ্তানি বাজারের ওপর নির্ভরতা কমানো, অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়ানো এবং সরাসরি শুল্ক এড়াতে উৎপাদন স্থানান্তরসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে।
সব মিলিয়ে, আমরা মনে করি, তড়িঘড়ি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে যেকোনো দেশের সঙ্গে সরকারের নেওয়া সকল পদক্ষেপ হওয়া প্রয়োজন সমন্বিত, সুবিবেচনা প্রসূত।