ইসির সংলাপে জোটের সঙ্গে বসবে না এনসিপি

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ১১-দলীয় ঐক্যজোটের অংশ হিসেবে সংলাপে বসতে রাজি নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

জোটের পক্ষ থেকে সম্মিলিতভাবে সংলাপে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া হলেও দলটি এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। আগামী ১ ডিসেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে আলাদাভাবে সংলাপে বসবে এনসিপি।

তাদের ভাষ্য, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। তাই নির্বাচনে দলের নিজস্ব অগ্রাধিকার, কৌশল ও আলোচনার বিষয় রয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জোট নয়, দল হিসেবে সংলাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এনসিপির নেতাদের অভিযোগ, জোটের শরিকদের সঙ্গে আলোচনা না করেই জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের সংলাপে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শুক্রবার ১১-দলীয় জোটের নেতাদের তা জানানো হয়। তবে এনসিপি শুরু থেকেই এককভাবে সংলাপে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।

এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, ১১-দলীয় জোটের দুটি দলের নিবন্ধন নেই। ফলে ১১টি দল হিসেবে নির্বাচন কমিশনে যাওয়ার বাস্তবতা নেই। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক বা জোটগতভাবে অনুষ্ঠিত হয় না। তাই এ নির্বাচনের সংলাপে জোট হিসেবে অংশ নেওয়াকে যৌক্তিক মনে করছে না দলটি।

এনসিপির মতে, জোটের শক্তি বাড়াতে হলে শরিক দলগুলোর স্বতন্ত্র রাজনৈতিক কৌশল ও গুরুত্বকে স্বীকৃতি দিতে হবে। শুধু রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখতে নামসর্বস্ব দল হিসেবে কাউকে জোটে রাখার পক্ষে নয় তারা।

 ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

 

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত