নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) স্প্রিং-২০২৭ সেমিস্টারের ভর্তি পরীক্ষা শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রথম শিফট এবং বেলা ২ টা থেকে ৫টা পর্যন্ত দুই শিফটে এনএসইউ ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষায় চারটি স্কুলে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য প্রায় ৭ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। স্কুল চারটি হলো: স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স।
এনএসইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, “শিক্ষার ধরন ও পদ্ধতিতে পরিবর্তন আসছে। তাই শুধু শ্রেণিকক্ষের পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, শ্রেণিকক্ষের বাইরেও জ্ঞান ও দক্ষতা অর্জনের চেষ্টা করতে হবে। আমরা মানসম্মত শিক্ষার পাশাপাশি শ্রেনীকক্ষের বাইরে থেকে শেখার ব্যাপারেও গুরুত্ব দিয়ে থাকি। এই সেমিস্টারে সব শিক্ষার্থীদের হয়তো সুযোগ দিতে পারব না। তবে আগামী সেমিস্টারগুলোতে তাদের চেষ্টা করার সুযোগ থাকবে।”
এনএসইউ’র বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, “আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে এনএসইউ পরিবারের সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, এনএসইউ থেকে শিক্ষিত ও দক্ষ হয়ে ওঠা শিক্ষার্থীরা ভবিষ্যতে নেতৃত্ব দেবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ভর্তি পরীক্ষা প্রসঙ্গে এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমরা মানসম্মত শিক্ষার পাশাপাশি যোগ্য ও মানবিক মানুষ গড়ে তোলার ওপর সমান গুরুত্ব দিই। আমি আশা করি, নতুন শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাফল্যের ধারাকে আরও এগিয়ে নেবে। একই সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
নর্থ সাউথ ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশনস অফিসের পরিচালক অধ্যাপক নুরুল কবির বলেন, “স্প্রিং-২০২৭ সেমিস্টারের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন এনএসইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান, এনএসইউ’র রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন, এনএসইউ’র প্রক্টর অধ্যাপক আবদুল খালেক সহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।