জাবির প্রজাপতি মেলায় প্রকৃতি রক্ষার বার্তা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

কেউ ঘুরে দেখছে প্রজাপতি, কেউ মুখে আঁকছে প্রজাপতির ছবি। আবার কেউ পরিবারের সদস্যদের সঙ্গে উপভোগ করছে মেলার নানা আয়োজন। শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণ। প্রজাপতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ১৬তম প্রজাপতি মেলা।

গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের আয়োজনে দিনব্যাপী এ মেলা শুরু হয়। মেলায় প্রজাপতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রকৃতিতে তাদের গুরুত্ব ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

প্রজাপতির সৌন্দর্য উপভোগের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এ মেলা। প্রকৃতিতে প্রজাপতির গুরুত্ব, পরাগায়নে তাদের ভূমিকা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা তৈরিই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সেই বার্তাই উঠে আসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের বক্তব্যে।

মেলার উদ্বোধন করে উপাচার্য উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দায়িত্বে থাকা অবস্থায় আর কোনো অপরিকল্পিত গাছ কাটতে দেওয়া হবে না। প্রকৃতি সংরক্ষণ আমার জীবনের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।’ প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ব্যক্তিগত পর্যায় থেকেও পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেন তিনি।

মেলার আয়োজক কমিটির সভাপতি ও প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা মূলত প্রজাপতি মেলার আয়োজন করি প্রজাপতির গুরুত্ব ও প্রকৃতিতে তাদের ভূমিকা সম্পর্কে মানুষকে জানাতে। প্রজাপতি পরাগায়নের মাধ্যমে সবুজ বনভূমি ও উদ্ভিদজগৎ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ মেলার মাধ্যমে আমরা সবাইকে প্রজাপতি সম্পর্কে জানার এবং তাদের সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানাই। যেন আগামী দিনগুলোতে আমরা প্রজাপতির পাশাপাশি গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখতে পারি। এ আয়োজনে মাধ্যমে শিশুদের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বোধ তৈরি করতে পারলে ভবিষ্যতে তারাই এ কাজে ভূমিকা রাখবে।’

প্রকৃতি সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের মেলায় বিশিষ্ট পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বন্যপ্রাণী গবেষণায় অবদানের জন্য পুরস্কৃত হন নাবিলা জামান জ্যোতি।

এ ছাড়া আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অরুণাভো ব্রুনো, দ্বিতীয় হন মাসুক আহমেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন ইকবাল এইচ বাবু। বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হয় ‘মিডিয়া অ্যাওয়ার্ড’।

দিনব্যাপী মেলায় বর্ণাঢ্য র‌্যালি, পাপেট শো, অরিগ্যামি প্রদর্শনী, ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল। এ ছাড়া প্রজাপতির আদলে রঙিন ঘুড়ি ওড়ানো, বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি শনাক্তকরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত