আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৬ শিক্ষার্থী নিহত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। আহতদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছে। খবর আল জাজিরার।

শনিবার (২৮ নভেম্বর) আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ। তিনি বলেন, হতাহতদের এ সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে। আরও তথ্য পাওয়ার পর হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে। 

কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক মাওলভি সামিউল হক আলজাজিরাকে জানান, শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রদেশের আন্দর সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণটি ঘটে।

তিনি বলেন, বাড়িটি খননকাজের সঙ্গে যুক্ত কয়েকজনের। সেখানে তারা ডিনামাইট মজুত করে রেখেছিলেন।

তবে বিস্ফোরণের কারণ, হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি সামিউল হক। ওই সময় এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে হাতবোমা হামলায় ৪০ জনের বেশি শিশু আহত হয়। আহত শিশুদের বয়স ছিল ৯ থেকে ১৪ বছরের মধ্যে।

সর্বশেষ সর্বাধিক পঠিত