তেঁতুলিয়ায় ব্যতিক্রমী পিঠা উৎসব, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম

কালের বিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা রকমের পিঠা। নতুন প্রজন্মের অনেক শিক্ষার্থীর কাছে এসব পিঠার নাম যেমন অজানা, তেমনি অনেক পিঠা কখনও দেখারও সুযোগ হয়নি তাদের। তাই শিক্ষার্থীরদের বাঙালির ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ব্যতিক্রমী এক উৎসবের আয়োজন করে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার রণচন্ডী কিন্ডারগার্টেন।

বিদ্যালয়ের প্রাঙ্গনে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকেই শতাধিক রকমের বাহারি পিঠা প্রদর্শন করা হয় । উৎসবে বিভিন্ন ধরনের পিঠার দেখতে ও খেতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বন্ধুদের সঙ্গে পিঠা খাওয়া, নতুন নতুন পিঠার নাম জানা আর ঐতিহ্যের সম্পর্কে ধারণা নেয়ার সুযোগ পেয়ে আনন্দে মেতে উঠে তারা। 

এদিকে শিক্ষকরা শিক্ষার্থীদের সামনে বিভিন্ন পিঠার নাম ধরে, এর উপাদান ও তৈরিসহ বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন। পরবর্তীতে তা শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। 

অন্যদিকে সন্তানদের জন্য এমন আয়োজন করায় আনন্দিত বিদ্যালয়ের অভিভাবকরাও। এ সময় অনেক অভিভাবক পিঠা উৎসবকে আরও ফুটিয়ে তুলতে নিজ হাতে তৈরী পিঠা নিয়ে আসেন। পিঠা উৎসব যেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মিলনমেলা উঠেছিল। এ সময় সকলে মিলে খেয়ে উদযাপন করেন পিঠা উৎসব।

শিক্ষার্থী মুক্তি আক্তার মিতু বলেন,আমাদের বিদ্যালয় মাঠে স্যারেরা পিঠা উৎসবের আয়োজন করেছে। আমরা অনেক পিঠা খেয়েছি, বন্ধুদের সাথে অনেক আনন্দ করেছি। আমাদের অনেক ভালো লেগেছে।

আরেক শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, উৎসবে আজকে যে পিঠা দেখেছি এবং নাম দেখেছি আমি জীবনে এত পিঠা দেখিনি। জান্নাতুন ফেরদৌসী নামে এক অভিভাবক বলেন, বিদ্যালয়ের প্রাঙ্গণে পিঠা উৎসব হচ্ছে দেখে অনেক ভালো লেগেছে। শিক্ষার্থীদের পিঠার নাম পরিচয় করিয়ে দিচ্ছেন শিক্ষকরা, এটি একটি ব্যতিক্রমী উদ্যােগ। আমাদের ছেলে-মেয়েরা সব পিঠার নাম না জানলেও আজকে অনেক পিঠার নাম তারা জেনেছে এবং প্রথম দেখেছে।

একই কথা বলেন আসমা খাতুন নামে আরেক অভিভাবক। তিনি বলেন, রণচন্ডী কিন্ডারগার্টেনের শিক্ষার পরিবেশ অনেক সুন্দর। আমাদের ছেলে মেয়েদের জন্য তাদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি ।

রণচন্ডী কিন্ডারগার্ডেনের প্রিন্সিপাল সোহেল রানা বলেন, আমার এই বিদ্যালয়টি প্রাইভেট হলেও বিদ্যালয়ে স্থানীয় পাথর শ্রমিক, চা শ্রমিক, কৃষক ও দিনমজুর, ব্যবসায়ীসহ সকল শ্রেণীর ছেলে মেয়েরা লেখাপড়া করে। অনেক শিক্ষার্থী সব পিতার নাম জানে না। তাই কালের বিবর্তনে হারিয়ে যাওয়া পিঠার সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে আমাদের এ উদ্যোগ। এমন আয়োজনে শিক্ষার্থীরা অনেক আনন্দিত ও উপভোগ করেছে বলে আমরা বিশ্বাস করি।

বিদ্যালয়ের সভাপতি নাইবুল ইসলাম বলেন,শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে আমাদের এ আয়োজন। আমরা উদ্যোগ নিয়েছি প্রতিবছর এমন পিঠা উৎসব আয়োজন করবো। 


সর্বশেষ সর্বাধিক পঠিত