দুর্লভ ও বিরল কয়েকটি পন্থ-পরিযায়ী পাখির খোঁজে ১৫ অক্টোবর রাতে আটজনের টিমে ‘বার্ডিংবিডি ট্যুরস’-এর সঙ্গে কুয়াকাটার উদ্দেশে রওয়ানা হলাম। পরদিন কুয়াকাটা পৌঁছে সকাল সাড়ে দশটায় শহর থেকে অটোভ্যানে চড়ে ছয় কিলোমিটার দূরের লেম্বুরবনে গেলাম। অক্টোবর মাসেও অসহ্য গরম! সেই গরমে ক্লান্ত হলেও বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত কুয়াকাটা শুঁটকির বাজার থেকে শুরু করে দোলনা পয়েন্ট পর্যন্ত সৈকত ও বাদাবনে পাখির খোঁজে ঘুরলাম। তবে বেশকিছু গুরুত্বপূর্ণ পাখির ছবি তুলতে পারলেও যেসব পাখির খোঁজে এসেছি তার একটিরও দেখা পেলাম না।
পরদিন সকাল ছয়টায় হোটেল থেকে বেরিয়ে পড়লাম লেম্বুরবনের উদ্দেশে। ছাব্বিশ মিনিট পর শুঁটকির বাজারের সামনে এলাম। এখান থেকেই লেম্বুরবন শুরু। ভ্যান থেকেই সৈকতে একটি সোনা জিরিয়াকে খাবার খেতে দেখলাম। ভ্যান থামিয়ে দ্রুত সৈকতে গেলাম। পাখিটির ছবি তুলে পাঁচ মিনিটের মধ্যেই ভ্যানে ফিরে এলাম দোলনা পয়েন্টে যাওয়ার জন্য। কারণ ওখানকার সৈকতের পাশের বাদা ও ঝাউবনেই আমাদের মূল টার্গেটের পাখিগুলো থাকার কথা।
সৈকতের পাশ দিয়ে ভেজা বালির ওপর দিয়ে ভ্যান এগিয়ে চলল। পথের বেশিরভাগ অংশেই কোনো গাছপালা নেই। তবে শুরুতে বাদাবনের পাশ ঘেঁষে যাওয়ার সময় মাঝেমধ্যে গাছপালার মাঝ দিয়ে যেতে হচ্ছে। তেমননি কয়েকটি গাছ পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ একঝাঁক হলদে-কমলা-কালচে-ধূসর রঙে মোড়ানো ছোট্ট পাখি এসে গাছগুলোতে নামল পোকামকড়ে সকালের ব্রেকফাস্ট সাড়ার জন্য। আর ‘ঝোপ বুঝে কোপ মারা’র জন্য আমরাও ভ্যান থেকে নেমে পড়লাম। মাত্র তিনটি মিনিট ওরা আমাদের সঙ্গে থাকল। কিন্তু অতি চঞ্চল পাখিগুলো এই তিন মিনিটেই আমাদের ঘাম ঝরিয়ে ছাড়ল। যাহোক, অবশেষে কিছু সুন্দর ছবি উপহার দিয়ে ওরা চলে গেল বনের ভেতরে। আর আমরাও ভ্যানে উঠে দোলনা পয়েন্টের দিকে এগিয়ে চললাম।
কুয়াকাটার বিখ্যাত লেম্বুরবনে দেখা ছোট্ট চঞ্চল পাখিগুলো আর কেউ নয় এদেশের বহুল দৃশ্যমান আবাসিক পাখি ছোট সাত সাইলি। ছোট সহেলি নামেও পরিচিত। ইংরেজি নাম Small/ Little/ Lesser/ Wandering Minivet|। ক্যাম্পেফ্যাজিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Pericrocotus cinnamomeus। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাখিটির দেখা মেলে।
ছোট সাত সাইলির দেহের দৈর্ঘ্য মাত্র ১৬ সেন্টিমিটার। ওজন মাত্র ৮ গ্রাম। পুরুষের মাথা, গলা, পিঠ ও লেজের উপরিভাগটা কালচে-ধূসর। বুক ও পেট লালচে-কমলা। অন্যদিকে, স্ত্রীর বুক ধূসর-ছাই, পেট হলুদাভ। স্ত্রী-পুরুষ উভয়ের চোখ কালচে-বাদামি। পা, নখ ও পায়ের পাতা কালো। ঠোঁট কালচে-বাদামি। ছানাদের পালকের রঙ ফ্যাকাশে।
বাংলাদেশের সব প্রাকৃতিক বনসহ ঘন বন-বাগান, ফলের বাগান, বিশেষ করে আম বাগান, বনের প্রান্ত, চষা জমি ও বাদাবন অর্থাৎ উপকূলীয় লোনাজল বন ও সুন্দরবনে এরা বাস করে। সচরাচর একাকী, জোড়ায় বা ছোট দলে বিচরণ করে। গাছের শাখায়-পাতায় ওড়াউড়ি করে খাবার খোঁজে। কীটপতঙ্গ, মথ, শুয়াপোকা, নরম পোকামাকড় ইত্যাদি খায়। নরম কণ্ঠে অনবরত ‘সুইই-ইট---’ বা ‘সুই- সুই-সুই-----’ শব্দে ডাকে।
প্রজননকাল ফেব্রুয়ারি থেকে অক্টোবরব্যাপী হলেও এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বেশি ডিম-ছানা তোলে। কখনো কখনো দুইবারও ডিম-ছানা হয়। মাটি থেকে ১০-১২ মিটার উচ্চতায় গাছের দো-ডালা, তে-ডালা বা ঝোপঝাড়ে ঘাস-লতায় মাকড়সার জাল জড়িয়ে ছিমছাম গোলাকার ছোট্ট বাসা বানায়। ডিম পাড়ে দু-তিনটি। ডিমে ছিট-ছোপ থাকে। স্ত্রী একাই তা দেয়। ডিম ফোটে ১২-১৮ দিনে। ছানারা উড়তে শিখে ২০ থেকে ২৫ দিনে। আয়ুষ্কাল মাত্র ২ থেকে ৫ বছর।
লেখক : পাখি ও বন্যপ্রাণী প্রজনন ও চিকিৎসা বিশেষজ্ঞ