রক্তস্বল্পতা শুধু আয়রনের ঘাটতি নয়

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ এএম

লে. কর্নেল ডা. মো. মশিউর রহমান

রক্তরোগ বিশেষজ্ঞ সিএমএইচ, ঘাটাইল, টাঙ্গাইল

বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সমস্যাগুলো বিশ্লেষণ করলে  দেখা যায় রক্তশূন্যতা বা এনিমিয়া এর মধ্যে অন্যতম। রোগী এমনকি বহু চিকিৎসকের ধারণা রক্তশূন্যতা মানেই আয়রনের ঘাটতি। ফলে অনেক চিকিৎসকই রক্তশূন্যতার চিকিৎসায় রোগীকে সম্পূর্ণ বিশ্লেষণ না করেই আয়রন চিকিৎসা দিয়ে থাকেন। আবার রোগীরাও অনেক ক্ষেত্রে নিজে নিজে বা ইন্টারনেট ঘেঁটে আয়রন ট্যাবলেট, ক্যাপসুল বা সিরাপ সেবন করেন। কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রে ভিন্ন। আয়রনের ঘাটতি ছাড়াও আরও নানাবিধ কারণে রক্তশূন্যতা হতে পারে। এবং সেসব ক্ষেত্রে (অর্থাৎ আয়রনের ঘাটতি না থাকলে) আয়রন চিকিৎসা কেবল অকার্যকরই নয় অনেক ক্ষেত্রে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই রক্তস্বল্পতার চিকিৎসা শুরু করার আগে এর প্রকৃত কারণ নির্ণয় করা গুরুত্বপূর্ণ।

রক্তস্বল্পতা কী

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেলে রক্তস্বল্পতা হয়। পূর্ণবয়স্ক পুরুষের হিমোগ্লোবিনের মাত্রা ১৩ গ্রাম/ডিএল-এর নিচে এবং পূর্ণবয়স্ক মহিলার হিমোগ্লোবিনের মাত্রা ১২ গ্রাম/ডিএল-এর নিচে হলে তাকে রক্তস্বল্পতা বলি। শিশুদের ক্ষেত্রে বয়স ভেদে মাত্রা আরও কমে। শিশুদের হিমোগ্লোবিনের মাত্রা ১১ গ্রাম/ডিএল-এর নিচে হলে রক্তস্বল্পতা নির্দেশ করে।

সাধারণ লক্ষণ

দুর্বল বা ক্লান্তি লাগা। স্বাভাবিক কাজকর্মে হাঁপিয়ে ওঠা। মুখমন্ডল ও ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া। বুক ধড়ফড় করা। মাথা ঘোরা। শ্বাসকষ্ট ও মাথাব্যথা।

রক্তস্বল্পতার কারণ

আয়রন বা লৌহ ধাতুর অভাবজনিত রক্তস্বল্পতা

বিশ্বব্যাপী রক্তস্বল্পতার কারণের মধ্যে অন্যতম কিন্তু একমাত্র নয়। সাধারণ কারণ, বর্ধনশীল বয়স, অতিরিক্ত মাসিক, গর্ভাবস্থা, অপুষ্টি, রক্তক্ষরণ বা কৃমির সংক্রমণের কারণে এই রক্তশূন্যতা হতে পারে। আয়রন রক্তের হিমোগ্লোবিনের অন্যতম উপাদান। ফলে আয়রনের ঘাটতি হলে হিমোগ্লোবিন তৈরি বাধাগ্রস্ত হয় এবং রোগী রক্তশূন্যতায় ভোগেন।

ভিটামিন বি১২ ও ফোলেটের ঘাটতি

লোহিত রক্তকণিকার নিউক্লিয়ার গঠনের জন্য এই ভিটামিন জরুরি। এই ভিটামিনের ঘাটতিতে লোহিত রক্তকণিকার গঠন ও উৎপাদন বাধাগ্রস্ত হয়।

ফলেটের অভাব

গর্ভবতী নারী, অপুষ্টিতে ভোগা ব্যক্তি, ক্যানসারে আক্রান্ত ব্যক্তি এবং দীর্ঘদিন কিছু ওষুধ গ্রহণকারীদের মধ্যে ফলেটের ঘাটতি দেখা দেয়।

দীর্ঘমেয়াদি রোগজনিত রক্তস্বল্পতা

কিডনি রোগ, ক্যানসার, যক্ষ্মা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, দীর্ঘস্থায়ী প্রদাহ ইত্যাদির কারণেও হতে পারে। দীর্ঘমেয়াদি রোগব্যাধিতে রাসায়নিক রক্তে নিঃসৃত হয়ে অস্থিমজ্জাকে রক্ত উৎপাদনে বাধা প্রদান করে ফলে রোগী রক্তশূন্যতায়  ভোগেন।

থ্যালাসেমিয়া

বংশগত রোগ। এতে রক্তের লোহিত কণিকা খুব দ্রুত ভেঙে যায়। ফলে রক্ত কোষে থাকা আয়রন কোষ থেকে বেরিয়ে রক্তে চলে আসে। রোগীর নিয়মিত রক্ত পরিসঞ্চালন করার ফলে ও রোগীর শরীরে আয়রন জমতে থাকে (১ ব্যাগ রক্তে ২৫০ মিলিগ্রাম আয়রন থাকে)। তাই থ্যালাসেমিয়া রোগীর অধিকাংশ ক্ষেত্রে নিয়মিত আয়রন খাওয়ার প্রয়োজন নেই বরং এতে শরীরে জটিলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

হেমালাইটিক অ্যানিমিয়া

লোহিত রক্তকণিকার অভ্যন্তরীণ বা বাইরের বিভিন্ন ত্রুটি বা অসামঞ্জস্য বা বিভিন্ন অ্যান্টিবডির কারণে রক্তকোষ নির্ধারিত আয়ুর মেয়াদের আগেই ভেঙে যায় এবং রক্তশূন্যতা তৈরি করে।

অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া

অস্থিমজ্জা রক্ত উৎপাদনের কারখানা। জন্মগত বা জন্মপরবর্তী নানাবিধ কারণে রক্ত তৈরি বাধাগ্রস্ত হলে রোগী রক্তশূন্যতায় ভুগে থাকেন।

কেন সব সময় আয়রন খাওয়া উচিত নয়

রোগী শুধু হিমোগ্লোবিন কম দেখেই আয়রন খেতে শুরু করেন। কখনো কখনো চিকিৎসকরাও রক্তশূন্যতার কারণ উদঘাটন না করে আয়রন ট্যাবলেট বা সিরাপ খেতে পরামর্শ দেন। যা ভুল অভ্যাস। প্রথমে দরকার রক্তশূন্যতার কারণ উদঘাটন। ওপরের কারণসমূহ পর্যালোচনা করলে দেখা যায় আয়রনের ঘাটতি ছাড়া অন্য সব ক্ষেত্রে আয়রন চিকিৎসা অপ্রয়োজনীয় ও ক্ষতিকর। অপ্রয়োজনীয় আয়রন দিলে ক্ষতির আশঙ্কা থাকে।

ভিটামিন বি১২-এর অভাব আয়রন দিলে রোগ ভালো হয় না। থ্যালাসেমিয়ায় অপ্রয়োজনীয় আয়রন শরীরে জমে যেতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত আয়রন গ্রহণে লিভার, হৃদযন্ত্র এবং অন্তঃস্রাবী গ্রন্থির ক্ষতি হতে পারে।

প্রকৃত রোগ নির্ণয় বিলম্ব হয়। রোগীর অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হয়।

কখন আয়রন রক্তস্বল্পতা খারাপ করতে পারে

থ্যালাসেমিয়া : থ্যালাসেমিয়া রোগীদের অনেকের শরীরে স্বাভাবিকভাবেই অতিরিক্ত আয়রন জমতে থাকে, বিশেষ করে যারা নিয়মিত রক্ত নেন। অপ্রয়োজনীয় আয়রন যোগ হলে আয়রনের আধিক্য দেখা দেয়। এই অতিরিক্ত আয়রন হৃদপি-, লিভার, ত্বক, অস্থিসন্ধি, বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির নানাবিধ ক্ষতি করতে পারে। ফলে রোগী এই সব অঙ্গপ্রতঙ্গের রোগব্যাধিতে ভুগতে পারেন যা রক্তশূন্যতার চেয়েও ভয়াবহ জীবনঘাতী পরিস্থিতির তৈরি করতে পারে।

দীর্ঘস্থায়ী সংক্রমণ : কিছু সংক্রমণে শরীর নিজেই আয়রনকে জীবাণুর নাগালের বাইরে রাখে। অপ্রয়োজনীয় আয়রন জীবাণুর বৃদ্ধি সহজ করতে পারে এবং রোগের অবস্থা জটিল করে। দীর্ঘমেয়াদি সংক্রমণ বা প্রদাহে নিঃসৃত কিছু রাসায়ানিক পদার্থ অস্থিমজ্জাকে রক্ত তৈরিতে বাধা দেয় একই সঙ্গে খাদ্যনালি, কিডনি ও যকৃতর ওপর বিরূপ প্রভাব রয়েছে। সব মিলিয়ে রোগী রক্তশূন্যতায় ভুগতে থাকে।

ভুল রোগ নির্ণয় : আয়রনের ঘাটতি ছাড়া অন্যান্য রোগের ক্ষেত্রে রোগের কারণ নির্ণয় না করইে আয়রন চিকিৎসা দিলে রোগ নির্ণয়ে বিলম্ব হয়। ফলে রোগী দীর্ঘদিন ভুগতে থাকেন।

কোন পরীক্ষা করা উচিত

রক্তস্বল্পতার কারণ নির্ণয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিচের পরীক্ষাগুলো করা যেতে পারে

কমপ্লিট ব্লাড কাউন্ট (CBC): রক্তের পূর্ণাঙ্গ পরীক্ষা।

পেরিফেরাল ব্লাড ফিল্ম : রক্তের কোষের গঠন ও বৈশিষ্ট্য পরীক্ষা।

সিরাম আয়রন : রক্তে আয়রনের মাত্রা নির্ণয়।

টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি (TIBC): রক্তের আয়রন বহন করার সক্ষমতা নির্ণয়।

সিরাম ফেরিটিন : শরীরে জমা আয়রনের পরিমাণ নির্ণয়।

ট্রান্সফেরিন স্যাচুরেশন (TSAT) : আয়রন বহনকারী প্রোটিনের কতটুকু আয়রনে পূর্ণ, সেটা নির্ণয়।

ভিটামিন বি১২ পরীক্ষা : শরীরে ভিটামিন বি১২-এর মাত্রা নির্ণয়।

রেটিকুলোসাইট কাউন্ট : রক্তে অপরিণত লোহিত রক্তকণিকার সংখ্যা নির্ণয়।

হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস : থ্যালাসেমিয়ার সন্দেহ থাকলে হিমোগ্লোবিনের ধরন নির্ণয়ের পরীক্ষা।

মলের পরজীবী ও কৃমির ডিম পরীক্ষা : মলের নমুনায় কৃমির ডিম ও পরজীবী শনাক্ত করা।

কিডনি ফাংশন টেস্ট : কিডনির কার্যক্ষমতা পরীক্ষা।

বোন ম্যারো পরীক্ষা : বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়; সব সময় এ পরীক্ষা করার প্রয়োজন নেই।

কখন আয়রন দেওয়া উচিত

কেবলমাত্র তখনই যখন আয়রনের ঘাটতি নিশ্চিত হবে। এছাড়া গর্ভাবস্থায় আয়রন ও ফলিক এসিডের সাপ্লিমেন্ট প্রয়োজন হয়।

উপসংহার

রক্তস্বল্পতা কোনো রোগ নয়, এটি বিভিন্ন রোগের গুরুত্বপূর্ণ লক্ষণ। তাই হিমোগ্লোবিন কম মানেই আয়রন খেতে হবে এই ধারণা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়ই বরং তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে থ্যালাসেমিয়া ভিটামিন বি১২ এর অভাব বা দীর্ঘস্থায়ী রোগজনিত রক্তস্বল্পতায় ভুল চিকিৎসা রোগের জটিলতা বাড়াতে পারে। অ্যানিমিয়ার কারণ খুঁজে বের করা এবং চিকিৎসা দেওয়া। একজন রক্তরোগ বিশেষজ্ঞ এক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য চিকিৎসক।

প্রতিরোধ

একজন সুস্থ মানুষের যাতে রক্তস্বল্পতা না হয় সে জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন

সুষম পুষ্টিকর খাদ্য গ্রহণ।

নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, দুধ ও ডিম খাওয়া।

রঙিন শাক-সবজি খাওয়া।

খাদ্য তালিকায় ভিটামিন সি-সমৃদ্ধ ফল ও সঙ্গে আয়রনযুক্ত খাবার রাখা।

নিয়মিত বিরতিতে কৃমিনাশক ওষুধ সেবন করা।

মহিলাদের ক্ষেত্রে অস্বাভাবিক মাসিক হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া।

গর্ভবতী নারীদের নিয়মিত গর্ভকালীন শারীরিক পরীক্ষা নিশ্চিত ও আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী আয়রন ও ফোলেট ট্যাবলেট সেবন করা।

কেউ থ্যালাসেমিয়ার রোগী বা বাহক হলে বিয়ের আগে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস স্ক্রিনিং করা।

সর্বশেষ সর্বাধিক পঠিত