আনোয়ারায় আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সংঘর্ষ 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীরা শনিবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পৃথক স্থানে মশাল মিছিল বের করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির সমর্থনে বরুমছড়া, রায়পুর ও হাইলধরসহ বিভিন্ন ইউনিয়নে এসব মিছিল করা হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর মধ্যে সন্ধ্যায় হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। স্থানীয় সূত্রের দাবি, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনের নেতৃত্বে ৩ শতাধিক লোক সেখানে জড়ো হন। অন্যদিকে, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ফোরকানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা তৈরি হয়। পরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কাচের বোতল নিক্ষেপ এবং বাজারের কয়েকটি দোকানপাটে ভাঙচুর করা হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য আজগর, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজুর রহমান আরিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আনিসুর রহমান আরাফাত এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান।

এদিকে, উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলীর হাট ও বরুমছড়া ইউনিয়নের ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকাতেও একাধিক মশাল মিছিলের খবর পাওয়া গেছে। এসব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মশাল মিছিলের পর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের পাল্টা মিছিল করতেও দেখা যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে বিএনপির লোকজন বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষে জড়িত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে যান। নাশকতার চেষ্টার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত