আসিফ হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

ভোলার সদর উপজেলার রাজাপুরে আবদুল্লাহ ওরফে আসিফ হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহজাহান মাতব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার (২৮ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আসিফ হত্যা মামলায় অভিযুক্ত শাহজাহান মাতব্বরকে গ্রেপ্তারের পর শনিবার ভোলার আদালতে পাঠানো হয়।

গত ১৭ অক্টোবর রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় আবদুল্লাহ ওরফে আসিফকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা হালিমা বেগম ১৯ অক্টোবর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়। মামলাটি ৫৭/২৬ নম্বরে নথিভুক্ত হয়।

মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন নিহতের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, মামলার অন্য আসামিরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিহতের বোনসহ স্বজনেরা দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একজন আসামি গ্রেপ্তারের পর মামলার তদন্ত এবং অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন নিহতের স্বজনেরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত