কুমিল্লার আলোচিত অপ্রতিম (১৩) হত্যা মামলায় প্রথমবারের মতো চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। মামলার দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে ভার্চ্যুয়ালি চার্জ গঠনের শুনানি শেষে আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। ওই দিন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ তারিখ নির্ধারণ করেন।
মামলার চার আসামির মধ্যে দুই অপ্রাপ্তবয়স্ক আসামি গাজীপুরের শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় আদালতে সরাসরি উপস্থিত হতে পারেনি। তাদের বিরুদ্ধে ভার্চ্যুয়ালি চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। তবে বিচারক অনুপস্থিত থাকায় প্রাপ্তবয়স্ক দুই আসামির বিষয়ে শুনানি হয়নি।
শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) মো. বদিউল আলম সুজন সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুর শিশু ও কিশোর সংশোধনাগারে থাকায় তাদের আদালতে সরাসরি হাজির করা সম্ভব হয়নি। পরে ভার্চ্যুয়ালি হাজির করে শুনানি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার বিচারিক কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সেই প্রত্যাশা অনুযায়ী মামলার কার্যক্রম এগিয়ে যাবে বলে তিনি আশা করছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা।
গত ২০ অক্টোবর মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাফ্ফর হোসেন ফাহাদ, কামরুল হাসান ও সিয়াম।
পুলিশের তদন্ত অনুযায়ী, তুহিন, ফাহাদ ও কামরুল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় এবং সিয়াম হত্যার পরিকল্পনায় যুক্ত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগপত্রে আনা এসব অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।