আ. লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্কের শুনানি শুরু হয়েছে। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এ আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী নাজনীন নাহার। আদালত পরবর্তী শুনানির জন্য কাল সোমবার দিন ধার্য করে। আজ শুনানির সময় মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নেন।
গত ১৯ নভেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর গত ২২ নভেম্বর আসামির পক্ষে সাফাই সাক্ষ্য দেন একজন আইনজীবী। গত মঙ্গলবার প্রসিকিউশনপক্ষে যুক্তিতর্কের শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। শুনানিতে চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আরজি জানান।
আসামির বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন। গত ১৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগষ্ট গণঅভ্যূত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েকদিন পর গ্রেপ্তার হন জিয়াউল আহসান।