ভিডিওর উপস্থাপনায় নতুনত্ব রয়েছে

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১১:৩১ পিএম

জনপ্রিয় সংগীতশিল্পী ও কম্পোজার বেলাল খান আছেন উৎসবের আমেজে। দুর্গাপূজা উপলক্ষে আজ প্রকাশ হচ্ছে তার নতুন মিউজিক ভিডিও ‘বেসামাল’। আসছে আরও নতুন কিছু গান। তার সঙ্গে কথা বলেছেন রণ

বেসামাল...

দুর্গাপূজা উপলক্ষে আজ আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে মিউজিক ভিডিও ‘বেসামাল’। তবে এটা পূজার কথা চিন্তা করে তৈরি করিনি। এই গানে মূলত এক ধরনের উৎসবের আমেজ রয়েছে, যা পূজার আমেজের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে বলে আমার মনে হয়েছে। তাই পূজার সময়েই গানটি প্রকাশ করছি। আমার সঙ্গে গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন বাঁধন সরকার পূজা। গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছি আমি আর সংগীতায়োজন শোভন রয়ের। র‌্যাপ গেয়েছেন র‌্যাপাস্তা দাদু। ভিডিওর কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল আর ভিডিও পরিচালনা করেছেন নির্মাতা অনন্য মামুন। মডেল হয়েছেন হামজা ও আরিয়ানা। সাভারের বেশ কিছু মনোরম লোকেশনে ভিডিওচিত্র ধারণ করা হয়েছে।

পূজার সঙ্গে...

আমি আর পূজা সমসাময়িক শিল্পী। তাই আমাদের গানের টেস্ট কিংবা বোঝাপড়া একই ধরনের। এজন্য কাজ করতে আরাম লাগে। এর আগেও তার সঙ্গে বেশ কিছু গান করা হয়েছে। এর মধ্যে মিউজিক ভিডিও ‘অবুঝ পাখি’ আর ‘রঙিলা বৈশাখ’ দর্শকের মনে এখনো জায়গা করে রেখেছে। দীর্ঘ তিন বছর পর মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে আমাদের। নতুন গান ‘বেসামাল’ও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমার বিশ্বাস। তার সঙ্গে নির্মাতা অনন্য মামুনের একটি ফিকশনে কাজের কথা হয়েছে। তবে এ ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলার সময় হয়নি।

প্রত্যাশা...

এর আগে আমার আর লিজার গাওয়া ‘পাখি’ গানের মিউজিক ভিডিও দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। তাই নতুন কাজের ক্ষেত্রে আরও সচেতন হয়েছি যাতে ভক্তরা নিরাশ না হন। একটি ভালো কাজ করার জন্য অ্যাট্রাকশনটাও বেশি কাজ করে। বেসামাল গানের কথা একেবারেই সহজ সরল। তবে আমাকে সবাই মেলোডিয়াস গানের জন্য বেশি চিনে থাকলেও এই গানটি একটু ভিন্ন ঘরানার। আমাদের লোকজ সংস্কৃতি ভাঙড়ার তাল আর ওয়েস্টার্ন র‌্যাপ গানের তালকে ফিউশন করে নতুন এক ধরনের সাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করেছি। ভিডিওর উপস্থাপনায়ও নতুনত্ব রয়েছে। আশা করছি আমাদের এই এক্সপেরিমেন্ট দর্শক পছন্দ করবে।

নতুন কাজ...

বেশ আগেই ফোকসম্রাজ্ঞী মমতাজ আপার সঙ্গে একটি দারুণ ডুয়েট গান রেকর্ড করেছিলাম। সোমেশ্বর অলির কথায় এই গানের সুর ও সংগীত আমার করা। গানটি নিয়ে বড় পরিকল্পনা আমাদের। ব্যয়বহুল মিউজিক ভিডিও নির্মাণ করব। সেখানে মমতাজ আপার উপস্থিতি থাকবে। এই মিউজিক ভিডিওর কাজ সেরে ফেলতে চাই। এর বাইরে দুটি ভালো সিনেমার সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছি। একটি শাপলা মিডিয়ার সিনেমা ‘পিয়া রে’। পূজন মজুমদার পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন শান্ত খান ও কলকাতার নায়িকা কৌশানি। ছবিটির নাম শুনে বাণিজ্যিক ঘরানার মনে হলেও এর গল্পে অন্যরকম আবেদন আছে। তাই সংগীতের ক্ষেত্রে আমি সেমি-ক্ল্যাসিক্যাল স্বাদ আনার চেষ্টা করেছি। এরই মধ্যে তিনটি গানের সংগীতায়োজন শেষ হয়েছে। টাইটেল গানটিতে আমিই কণ্ঠ দেব। এ ছাড়া অনিরুদ্ধ রাসেল পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘জামদানি’র পুরো সংগীতায়োজনই আমি করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত