আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। ইংরেজি সাহিত্যে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। তবে দেশের প্রথমসারির অভিনেত্রীর অবস্থান ধরে রেখে তিনি যে ফলাফল করেছেন সেটি চমক লাগানোর মতো বিষয়। অভিনয়ের মতো ব্যস্ত পেশা সামলিয়ে সিজিপিএ ৪-এর মধ্যে পেয়েছেন ৩.৯৭ পয়েন্ট। গতকাল ২১তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয় তাকে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করেছে। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় এই অনন্য অর্জনে দারুণ আনন্দিত সাবিলা নূর। তিনি বললেন, ‘আমার এই অর্জনে নিজেকে নিয়ে গর্বিত। কারণ আমি জানি অভিনয়ের পাশাপাশি কতটা কষ্ট করে পড়াশোনা করেছি আমি। কত কত নির্ঘুম রাত কাটিয়ে আমাকে অধ্যয়ন করতে হয়েছে।’
সাবিলা নূর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়েছিলেন। ভালো শিক্ষার্থী হিসেবে সেখানে তার খ্যাতি ছিল। স্কলারশিপও পেতেন। তারপর হুট করেই বিশ্ববিদ্যালয় ও বিষয় পরিবর্তন করে ইংরেজি সাহিত্যে চলে আসেন। তিনি বলেন, ‘এটা ছিল আমার জন্য কঠিন একটা ব্যাপার। আমি অজস্র কটাক্ষের মুখে পড়েছি, কটুকথা শুনতে হয়েছে। যারা আমার সমালোচনা করেছেন তাদের জন্য আমার উপকার হয়েছে। আমার মধ্যে জিদ চেপে গিয়েছিল। ফলে আমি শত কষ্টেও মুখ ডুবিয়ে পড়াশোনা করেছি। কেননা সব সময় মনে ছিল আমার, আমি অ্যাকাডেমিক দিকটা ঠিক রাখব। সেটা পেরেছি।’
অভিনয় ও পড়াশোনা একই সঙ্গে দুটো সহজ ছিল না জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার এ লেভেল এবং ও লেভেলে ইংরেজি সাহিত্য ছিল। সাহিত্য আমার পছন্দের বিষয়। যখন আমি বিবিএ থেকে ইংরেজি সাহিত্যে এলাম তখন মনে হলো আমার পছন্দের বিষয়ে এলাম। কিন্তু শুটিং করে পড়াশোনা করাটা কঠিন ছিল। এমন হয়েছে শুটিং করে ফিরে সারা রাত পড়েছি। সকাল ৮টায় কুইজে অংশ নিয়ে তারপর শুটিং করেছি। পড়াশোনার জন্য অজস্র রাত আমি নির্ঘুম কাটিয়েছি।’
এই ফলাফলে সাবিলা নূর সহপাঠী, ফ্যাকাল্টি, বাবা-মা ও স্বামী নেহালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবার সহযোগিতা তাকে অনেকটা সহজ করেছে অর্জনে বলে জানালেন।
টিভি নাটকের অনেক তারকা এখন ওটিটি প্ল্যাটফরমের নিয়মিত মুখ। বিশেষ করে বলা যায়, ওয়েব সিরিজগুলো এখন তাদের দখলে। তবে ছোটপর্দার জনপ্রিয় মুখ হলেও এখন পর্যন্ত ওয়েব সিরিজে খুব একটা কাজ করা হয়নি সাবিলা নূরের। তবে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘মারকিউলিস’ দিয়ে ওয়েব সিরিজে কাজ করেছেন সাবিলা। আবু শাহেদ ইমনের পরিচালনায় এই সিরিজে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, মাজনুন মিজান, অশোক বেপারি প্রমুখ। শিগগিরই ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।
ওয়েব সিরিজটির অভিজ্ঞতা নিয়ে সাবিলা নূর বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে সেটি এই সিরিজের মূল আলাপ।’
সাবিলা আরও বলেন, ‘আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে। এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। শাহেদ ভাই অসাধারণ একজন পরিচালক। তার কাজের প্রসেস খুবই দারুণ ও ইউনিক। এ ছাড়া মেকআপ ও কস্টিউমসসহ সবকিছু দারুণ ছিল।’
