সুদান থেকে ৭০ বাংলাদেশি ফিরছেন আজ

আপডেট : ০৮ মে ২০২৩, ০২:৩২ এএম

যুদ্ধকবলিত সুদান থেকে ৭০ বাংলাদেশি সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে গতকাল রবিবার দুপুরে জেদ্দা বিমানবন্দরে পৌঁছেছেন। তাদের রাত ১টায় জেদ্দা বিমানবন্দর থেকে র‌ওনা হয়ে আজ সোমবার ঢাকায় পৌঁছানোর কথা।

বাংলাদেশের সৌদি দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুদান থেকে যাওয়া বাংলাদেশিদের স্বাগত জানান দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত  ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হক ও অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুদান থেকে সৌদি এয়ারফোর্সের দুটি ফ্লাইটে ওই ৭০ বাংলাদেশি জেদ্দায় পৌঁছান। আর‌ও প্রায় ৬৫ বাংলাদেশি যাত্রী নিয়ে সুদান থেকে আরেকটি ফ্লাইট জেদ্দার উদ্দেশে র‌ওনা দেবে। আবার অন্য একটি ফ্লাইটে আর‌ও ৬৫ বাংলাদেশি পোর্ট অব সুদান থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

জানা গেছে, সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ বাংলাদেশিদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়েছে। এসব বাংলাদেশির জন্য জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি সেকশনে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশের নাগরিক বসবাস করেন। উদ্ভূত পরিস্থিতিতে অনেক বাংলাদেশি দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। সুদানের বাংলাদেশ দূতাবাস দেশটি থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। দেশে ফিরতে ৭০০ জন নিবন্ধন করেছেন। যারা ফিরতে চান তাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত