কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সরকারের নিয়ন্ত্রণের কারণে নির্বাচন কমিশন (ইসি) অসহায়ত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন কী হবে? প্রথমেই নির্বাচন কমিশন দেখাল তার ক্ষমতা নেই। সেই নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন পরিচালনা করবে। এই সরকার নির্বাচনব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু সরকার সব নির্বাচন নিয়ন্ত্রণ করছে, তাই এই সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ যেকোনো নির্বাচনে আর অংশ নেবে না বিএনপি।’
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে প্রয়োজনে সব দলকে সঙ্গে নিয়ে যেকোনো সময় বৃহত্তর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, এই দেশ এখন সভ্য, গণতান্ত্রিক দেশ নয়, এটা বর্বর, অসভ্য দেশে পরিণত হয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনানসহ অন্য নেতারা।
