দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে এক কাজীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ন্যাটাশন গ্রামে এ ঘটনা ঘটে।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার চেংমারী গ্রামের হুমাউন রেজার ছেলে নিকাহ রেজিস্ট্রার রেহান রেজাকে (৪৭) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে বর নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দার আলীর ছেলে রুবেল ইসলামকে (২২) দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও পরিমল কুমার বলেন, ‘স্থানীয়ভাবে আমি খবর পাই যে ন্যাটাশন গ্রামে শরিফের কন্যা ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বৃষ্টি আক্তারের বাল্যবিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আমি তাৎক্ষণিক পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালাই। কিন্তু অভিযানের খবর পেয়ে বিয়ে বাড়ির সকলে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘আমাদের বোকা বানানোর জন্য নাবালিকা মেয়েকে সরিয়ে তার ভাবি বউ সেজে বসে ছিল। অভিযানের পূর্বেই কাজী নিকাহ রেজিস্ট্রারে খসড়া লেখা শেষ করেছিল।’
ইউএনও বলেন, ‘পরে আমরা সেখানে কাজীকে ছয় মাসের কারাদণ্ড ও বরের দুই হাজার টাকা জরিমানা করি। একই সঙ্গে কনের বাবার কাছ থেকে ভবিষ্যতে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বলে মুচলেকা নেওয়া হয়।’
দণ্ডপ্রাপ্ত কাজীকে তাৎক্ষণিক পুলিশের কাছে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।
আরও পড়ুন..যৌতুক দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
