তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে তার বাসভবনে ডাক্তার মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
ওবায়দুল বলেন, আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং আমি রাত ৮ টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিই।
সম্প্রতি এক ফেইসবুক লাইভ টক শোতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ ঘটনায় মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ ও সমালোচনা শুরু হয়।
এ পরিস্থিতিতেই গত রবিবার নায়িকা মাহিয়া মাহিকে কেন্দ্র করে ডা. মুরাদ হাসানের সঙ্গে ঢালিউড তারকা মামনুন ইমনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়। অডিও ক্লিপে ইমনের ফোনে নায়িকা মাহিকে অত্যন্ত কুরুচিকর ভাষায় অশালিন প্রস্তাবের পাশাপাশি তাকে (মাহিকে) উঠিয়ে নিয়ে আসার হুমকি দেন মুরাদ।
এসব ঘটনায় সোমবার সাংবাদিকরা সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরে কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। পরে এদিন রাতেই ওবায়দুল কাদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবারের মধ্যে ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।
