কুসিক নির্বাচন: কে কী বললেন

আপডেট : ১৫ জুন ২০২২, ০৮:১৯ এএম

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন আজ বুধবার। সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। 

ভোটগ্রহণের আগমুহূর্তে প্রার্থী, প্রার্থীর কর্মী-সমর্থক এবং ভোটারদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে এ নির্বাচনকে নতুন ইসির ‘অগ্নিপরীক্ষা’ বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

নির্বাচন মেয়র পদে প্রার্থী পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের আরফানুল হক রিফাত (নৌকা), বিএনপি থেকে বহিষ্কৃত গত দুবারের মেয়র মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম (হাতপাখা)। এছাড়া ২৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১০৬ ও ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী নির্বাচন করছেন। (বিস্তারিত পড়ুন এখানে)

কুমিল্লার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ তারা করবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। তিনি বলেছেন, ভোট শতভাগ সুষ্ঠু হবে। জনতা যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবেন। আমি কথা দিতে পারি, কোনো সমস্যা হবে না। (বিস্তারিত পড়ুন এখানে)

লোক দেখানোর জন্য আইন প্রয়োগ করলে ভোট সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল হক সাক্কু। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিকভাবে আইন প্রয়োগ করে তাহলেই নির্বাচন সুষ্ঠু হবে। আইনটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। (বিস্তারিত পড়ুন এখানে)

সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেছেন, আওয়ামী লীগের প্রার্থী ভোট লুটের প্রস্তুতি নিয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) লুটেরাদের ভোট চুরিতে সহযোগিতা করবে না, এটা জনগণ দেখতে চায়। (বিস্তারিত পড়ুন এখানে)

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদার বলেন, ইসি পরীক্ষার আগেই ব্যর্থ হয়েছে। তারা একজন সংসদ সদস্যকেই নির্বাচনী বিধি মানাতে ব্যর্থ হয়েছে। আর জাতীয় নির্বাচনে ৩০০ আসনে ৩০০ এমপি থাকবেন, বিরোধী দলগুলোর প্রার্থী থাকবেন এবং তাদের কর্মী-সমর্থক থাকবেন। তাহলে ৩০০ আসন কীভাবে সামলাবে এই ইসি। ইভিএমের বিষয়টি মেশিনের বিষয়। আবার প্রিন্ট দেওয়ার সুযোগ না থাকায় এটি অনেক দেশই গ্রহণ করেনি। আর একটি নির্বাচনে বিশেষ করে প্রথম নির্বাচন অনুষ্ঠানেই ইসির হোঁচট খাওয়াটা প্রশ্নবিদ্ধ করেছে। (বিস্তারিত পড়ুন এখানে)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত