ইভিএম মেশিন ডিস্টার্ব করছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। সাংবাদিকদের তিনি বলেন, মেশিনে টিপ দিলে ছবি (প্রতীক) উঠছে না। প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি।
আজ বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টায় হোচ্চা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু সাংবাদিকদের এ কথা বলেন।
সাক্কু বলেন, ভোটের পরিবেশ মোটামুটি সুষ্ঠুর মতোই দেখছি। বৃষ্টি হচ্ছে। আবহাওয়া ভালো হলে আরও বেশি মানুষ আসতে পারতেন। তবে মেশিনগুলো ডিস্টার্ব করছে।
তিনি আরও বলেন, ভোট সুষ্ঠুভাবে হলে জয়ী হবো। তবে রায় যা হবে মেনে নেব।
আজ বুধবার (১৫ জুন) সকাল ৯টার দিকে কুমিল্লায় বৃষ্টি শুরু হয়। এরই মধ্য চলছে ভোট। সকাল থেকে প্রায় সব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল মোটামুটি। তবে বৃষ্টির পর ভোট দিতে অপেক্ষমাণ ভোটাররা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন।অনেকে আবার আশ্রয় নেন স্কুলের অভিভাবক সেডে।
এবার নির্বাচনে পাঁচজন মেয়রপ্রার্থী রয়েছেন। তবে মূল লড়াইটা হবে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সারে মধ্যে। আর সাক্কু গত দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছিলেন। বাকি দুজন প্রথমবারের মতো লড়াই করছেন। ফলে কুমিল্লাবাসীর মুখে এখন প্রশ্ন- সাক্কুর হ্যাটট্রিক নাকি নতুন মুখের অভিষেক।
