অ চে না মু খ

ইউরোপে চোখ উচ্ছ্বাসের

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০১:৪৮ এএম

জন্ম, বেড়ে ওঠা কুড়িগ্রামে। মনে ফুটবলের বীজটাও রোপিত সেখানেই। রায়গঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের হয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খেলা নিহাত জামান উচ্ছ্বাসের মধ্যে প্রতিভার দেখা পেয়েছিলেন তার বাবা দেলোয়ার হোসেন। কুড়িগ্রাম জেলায় এই টুর্নামেন্টে একবার সেরা হয় তার স্কুল। এরপরই বাবার স্বপ্ন ছেলেকে বড় ফুটবলার হিসেবে গড়ে তোলার। ২০১৫ সালে বিকেএসপি’র ট্রায়ালে অংশ নিয়েই উচ্ছ্বাস সুযোগ পেয়ে যায় খুলনা বিকেএসপিতে। সেখানে দু’বছর কাটিয়ে গত বছর চলে আসেন সাভার বিকেএসপিতে। ২০১৫ সালেই বিকেএসপি অনূর্ধ্ব-১৪ দলের হয়ে ভারতে খেলেছেন সুব্রত কাপ। তবে উচ্ছ্বাস নিজেকে একটু আলাদাভাবে চেনান গত বছর কমলাপুর স্টেডিয়ামে উন্মুক্ত ট্রায়ালে অংশ নিয়ে। সেখানে তার মধ্যে ফুটবল প্রতিভা দেখেই তাকে দলে নিয়ে নেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর। এরপর কোচ মোস্তফা আনোয়ার পারভেজের অধীনে নীলফামারীতে আড়াই মাসের ফুটবল দীক্ষা নিয়ে নেপাল কাঁপিয়ে এলেন ১৫ বছরের এই কিশোর। সাফ অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ৪ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন উচ্ছ্বাস। দলও জিতেছে শিরোপা। ৪টি গোলই তিনি করেছিলেন মালদ্বীপের বিপক্ষে। এখন স্বপ্ন দেখেন ইউরোপিয়ান ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করার। যে স্বপ্ন এখনো পূরণ করতে পারেনি কেউ। নিজেও জানেন কাজটা কঠিন। তবে কঠিন এই চ্যালেঞ্জটা নিয়ে জাতিকে উচ্ছ্বাসে ভাসাতে চান উচ্ছ্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত