বুধবার থেকে ক্যাম্পে যোগ দেবেন ফুটবলাররা

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১১:৪০ পিএম

করোনা বিরতি পর অক্টোবরে ফের বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। বাকি থাকা ৪ ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছিল আগেই। বুধবার থেকে তিন ধাপে যারা ক্যাম্পে যোগ দেবেন।

মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তিন ধাপে খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার কথা জানায়। করোনার কারণে এই প্রথম ফুটবলারদের ক্যাম্প হবে কোনো রিসোর্টে। গাজীপুরের সারাহ রিসোর্টে হবে এই আইসোলেশন ক্যাম্প।

বিশ্বকাপ বাছাইয়ে বাকি চার ম্যাচের জন্য ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাফুফে। এদিন সংস্থাটি জানিয়েছে, ৫ ও ৬ আগস্ট ১২ জন করে খেলোয়াড় ক্যাম্পে যোগ দেবেন। ৭ আগস্ট যোগ দেবেন ৭ জন।

বাকি ৫ জনের মধ্যে দুই প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া ও তারিক রায়হান কাজী দেশের বাইরে থাকায় যোগ দেবেন পরে।

অন্যদিকে মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ ও মতিন মিয়া, এই তিনজনকে ছাড়তে রাজি হয়নি তাদের ক্লাব বসুন্ধরা কিংস। চোট থেকে সেরে ওঠা এই তিন ফুটবলারকে আরো কিছুদিন নিজেদের পর্যবেক্ষণে রাখতে চায় তারা। যা মেনে নিয়েছেন জাতীয় দলের কোচ জেমি ডেও।

এদিকে জেমি ডে ইংল্যান্ডে অবস্থান করছেন মার্চ থেকেই। তাকে শুরুতেই পাচ্ছে না ফুটবলাররা। তিনি আসার আগ পর্যন্ত স্থানীয় কোচরাই কাজ চালিয়ে নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

ফুটবলাররা সবাই নির্ধারিত দিনে প্রথমে বাফুফেতে রিপোর্ট করবে। সেখান থেকে তাদের করোনা পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হবে। সন্ধ্যার মধ্যে পাওয়া যাবে রিপোর্ট। ফলাফল নেগেটিভ হলে তারা যোগ দেবেন গাজীপুরের সারাহ রিপোর্টে।

করোনা বিরতির পর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ৮ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত