দুর্দান্ত মোস্তাফিজ, নিলেন ২ উইকেট

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১১:০৪ পিএম

পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটায় খুব একটা ভালো করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ৪৫ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। তবে দ্বিতীয় ম্যাচেই আলো ছড়ালেন বাংলাদেশি পেসার। দারুণ বোলিংয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জোড়া উইকেট নিলেন কাটার মাস্টার।

বৃহস্পতিবার ৪ ওভার বল করে ২৯ রান খরচায় ২ উইকেট পান মোস্তাফিজ। মার্কাস স্টয়নিসকে শূন্য রানে ফেরানোর সঙ্গে সেট হয়ে যাওয়া টম কারেনকে করেন বোল্ড। তাতে আগে ব্যাট করা দিল্লি পারেনি দেড় শ ছাড়ানো স্কোর গড়তে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দিল্লি ২০ ওভারে তুলতে পারে ১৪৭ রান। সপ্তম ওভারে প্রথম আক্রমণে এসেই স্টয়নিসকে তুলে নেন মোস্তাফিজ। ওই ওভারে মাত্র ১ রান খরচ করেন ‘দ্য ফিজ’।

এরপর মোস্তাফিজ আক্রমণে ফেরেন ১২তম ওভারে। এ দফায় ৮ রান খরচায় কোনো উইকেট পাননি। ১৭তম ওভারেও ৮ রান খরচ করেন। ১৯তম ওভারে তুলে নেন কারেনকে।

প্রথম বলে ফিজকে চার হাঁকান কারেন। পরের বলে দারুণ ডেলিভারিতে তাকে বোল্ড করে দেন বাঁহাতি পেসার। এই ওভারে ১২রান খরচ করেন ফিজ।

আইপিএলে রাজস্থানের হয়ে এবারই প্রথম খেলছেন ফিজ। তাকে এক কোটি রুপিতে দলে ভিড়িয়েছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন ফিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত