আইসিসির জুলাই মাসের সেরা সাকিব

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেলে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব আল হাসান।

রবিবার মনোনীতদের নাম জানিয়েছিল আইসিসি। বুধবার বিজয়ী হিসেবে সাকিবের নাম ঘোষণা করে আইসিসি।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাস সেরা হওয়ার সম্মান পেলেন সাকিব। এর আগে মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছিলেন মুশফিকুর রহিম।

চলতি বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণে সিরিজ জয়ের পেছনে সাকিবের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। সেই পারফরম্যান্সের জন্য ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর স্বীকৃতি পেলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে টাইগাররা। সফরে টেস্টে ব্যাট হাতে ৩ রান, ওয়ানডেতে ১৪৫ রান ও টি-টোয়েন্টিতে ৩৭ রান করেন সাকিব।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৯৬ রান করে দলের সিরিজ জয় নিশ্চিত করেন সাকিব। বল হাতে টেস্টে ৫, ওয়ানডেতে ৮ ও টি-টোয়েন্টিতে ৩ উইকেট নেন। যার সুবাদে জুলাইয়ের সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব।

মেয়েদের ক্রিকেটে জুলাই মাসের সেরা নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার স্টেফানি টেইলর। তিনি পেছনে ফেলেছেন স্বদেশি হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের ফাতিমা সানাকে।

এদিন আরো একটি সুখবর পেয়েছেন সাকিব। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্সে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত