আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন টি-টোয়েন্টির অন্যতম বড় নাম ডোয়াইন ব্রাভো। আগে থেকেই যে দলে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক বড় তারকা ক্রিস গেইল। আর দেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান তো রয়েছেই।
ব্রাভো বিপিএলের নিয়মিত খেলোয়াড়। ৩৮ বছর বয়সী এই তারকা এর আগে খেলেছেন চট্টগ্রাম কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের হয়ে।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ব্রাভো। গেইল ও ব্রাভো ছাড়াও বরিশালে রয়েছে আরো দুই ক্যারিবিয়ান- আলজারি জোসেফ ও ওবেড ম্যাককয়।
ব্রাভোর বরিশালে নাম খেলানোর বিষয়টি শনিবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন দলের মিডিয়া ম্যানেজার সেকান্দার আলী। শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলাকাকে দলে ভিড়িয়েছিল দলটি। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কাছ থেকে অনাপত্তিপত্র পাননি তিনি। তার পরিবর্তে ব্রাভোকে দলে টেনেছে দলটি।
বিপিএল মাঠে গড়াবে ২১ জানুয়ারি।
