ঘরের মাঠে স্পিন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের পরিকল্পনা থাকে বাংলাদেশের। তবে আফগানিস্তানের মতো দলের বিপক্ষে খেলতে গেলে সেই স্পিনই হয়ে যায় টাইগারদের দুর্ভাবনার নাম।
রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবির মতো বিশ্বমানের স্পিনাররা হুমকি হয়ে দাঁড়ান।
বুধবার চট্টগ্রামে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগেও তাই আফগান স্পিনারদের কথা আসছে আলোচনায়। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, প্রতিপক্ষের স্পিন নিয়ে ভাবছেন না তারা।
রশিদ-মুজিব-নবির সমন্বয়ে গঠিত আফগানিস্তানের স্পিন আক্রমণকে ‘সম্ভবত বিশ্বের সেরা’ বলে অভিহিত করলেও তামিম বলছেন, ‘আমরা জানি কীভাবে তাদের মোকাবিলা করতে হয়।’
সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে মঙ্গলবার তামিম আরো বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট বোলার নিয়ে কথা বলতে চাই না। সম্ভবত তাদের স্পিন আক্রমণ বিশ্বের সেরা, তবে আমরা অতীতে তাদের বিপক্ষে ভালো করেছি। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে।’
ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে বরাবরই দাপট দেখিয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে খেলা আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে টাইগাররা। কিন্তু টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ছয় ম্যাচের চারটিতে হেরেছে বাংলাদেশ।
তামিম বলেন, ‘নিঃসন্দেহে ওয়ানডে আমাদের প্রিয় ফরম্যাট। আমরা আগামীকাল ওয়ানডেতে খেলতে যাচ্ছি। আশা করছি, আমাদের শুরুটা ভালো হবে।’
আফগানদের বিপক্ষে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। তাই সিরিজ থেকে পূর্ণ পয়েন্টে চোখ বাংলাদেশের। তবে এখনই ৩-০ ফল নিয়ে ভাবতে চায় না দল, এমনটাই বলেছেন তামিম।
বাংলাদেশ অধিনায়কের কথায়, ‘আগামীকালের ম্যাচটা আপাতত গুরুত্বপূর্ণ। আমরা সবাই সিরিজকে ৩-০ করতে চাই এবং আমি জানি আফগানিস্তানও ৩-০ করতে চায়। তবে আমরা আগামীকালের ম্যাচ নিয়ে মনোযোগী হতে চাই।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ-আফগানিস্তান প্রথম ওয়ানডে শুরু হবে বেলা ১১টায়। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।
আরো পড়ুন
