এফএ কাপের ফাইনালে থাকবেন বিরাট-আনুশকা

আপডেট : ০২ জুন ২০২৩, ০৭:৪৩ পিএম

কদিন আগেই প্রিমিয়ার লিগ জয় করেছে ম্যানচেস্টার সিটি। তাদের সামনে সুযোগ আছে ট্রেবল জেতার। তবে তার আগে দলটির সামনে মিশন এফএ কাপ। আগামীকাল শনিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে তারা। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আর এই ফাইনাল খেলাটি সরাসরি দেখতে মাঠে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও তার সহধর্মিনি বলিউড তারকা আনুশকা শর্মা।

তিন দিন পর ইংল্যান্ডেই কোহলিও খেলতে নামবেন আরও একটি ফাইনালে। ৭ জুন লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে ভারত। সেই খেলার স্কোয়াডে আছেন বিশ্বসেরা এই ব্যাটসম্যানও। তবে তার আগে তিনি দেখতে যাচ্ছেন এফএ কাপের ফাইনাল

তারকা দম্পতিকে ভক্তরা বিরুস্কা বলে সম্বোধন করেন। দুজনেই আন্তর্জাতিক প্রতিষ্ঠান পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। প্রতিষ্ঠানটি ম্যানচেস্টার সিটিরও পৃষ্ঠপোষক। সেই ক্লাবটির আমন্ত্রণেই দুজন যাচ্ছেন ফাইনাল খেলা দেখতে।

ইংল্যান্ডের অন্যতম ব্যস্ত নগর ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেড একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বি। উভয় দলকেই সেরা বলে গণ্য করা হয়। তাদের লড়াইগুলোও হয়ে উঠে সমানে সমান। তবে সাম্প্রতিককালে সিটি যতটা এগিয়েছে ইউনাটেড ততটাই নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে এফএ কাপের ফাইনালে অঘটন না ঘটলে সিটিকেই ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। তবে মার্চে লিগ কাপ জেতার পর মৌসুমে দ্বিতীয় শিরোপা জয়ের জন্য মুখিয়ে ইউনাইটেডও।

এদিকে, কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন। টেস্টে কোহলি ১৮৩ ইনিংসে ব্যাট করে ৮ হাজার ৪১৬ রান করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত