নাসিম শাহর বলে চার মেরে জাফনাকে জেতালেন হৃদয়

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১১:৩৯ পিএম

লঙ্কা প্রিমিয়ার লিগের শেষ দিন। আগের দুই ম্যাচে রাখতে পারেননি কোনো অবদান। দলও জিততে পারেনি। সেটা নিশ্চয়ই কুড়ে খাচ্ছিল তৌহিদ হৃদয়কে। তাই আজ ম্যাচ জিতেই মাঠ ছেড়েছেন। নাসিম শাহর বলে চার মেরে দলকে জয় এনে দেন এই বাংলাদেশি ব্যাটসম্যান।

এলপিলে আজ কলম্বো স্ট্রাইকারসকে ৬ উইকেটে হারিয়েছে জাফনা কিংস। আগে ব্যাট করে বাবর আজমরা ১৪৬ রান সংগ্রহ করেছিলেন। জবাবে ৩৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় জাফনা।

টস জিতে কলম্বো অধিনায়ক বাবর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তবে থিসারা পেরেরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কার রাজধানীর এই ফ্রাঞ্চাইজিটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন পাথুম নিশাঙ্কা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাবর আজম এদিন ছিলেন নিষ্প্রভ। ২৪ রান করেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন।

জাফনার হয়ে দুনিথ ওয়ালাগে ৯ রান খরচায় ২ উইকেট শিকার করে। দিলশান মাধুশাঙ্কাও নেন দুটি উইকেট।

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জাফনাকে শুভ সূচনা এনে দেন নিশান মাধুশাঙ্কা ও রহমানুল্লাহ গুরবাজ। তাদের উদ্বোধনী জুটিতে দলের জয়ের পথ প্রশস্ত হয়। নিশান ৪৬ রান করে আউট হন, গুরবাজ করেন ৩৯ রান। হৃদয় ১৪ রানে অপরাজিত থাকেন।

কলম্বোর হয়ে নাসিম শাহ সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন। ৩ ওভার বল ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট শিকারী দুনিথ হয়েছেন ম্যাচসেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত